চীনের উৎসবে অপিদের ছবি

চীনের দর্শকেরা দেখতে পাবেন বাংলাদেশের অপি করিম ও ভারতের পশ্চিমবঙ্গের ঋত্বিক চক্রবর্তীর সিনেমা ‘মায়ার জঞ্জাল’। দুই দেশের এই দুই অভিনয়শিল্পীর প্রথম সিনেমা প্রদর্শিত হবে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। চীনের চিংহাই প্রদেশের শিনাংয়ে ২৫ জুলাই উৎসবের উদ্বোধন হবে বলে জানান ছবির অন্যতম প্রযোজক জসীম আহমেদ।
দেড় দশক পর অপি করিম অভিনয় করেছেন ‘মায়ার জঞ্জাল’ নামের এ ছবিতে। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও করোনার কারণে হিসাব-নিকাশ বদলে ফেলেছেন প্রযোজক ও পরিচালক। করোনার মধ্যে সুখবর মিলল এই ছবি থেকে। সাংহাই চলচ্চিত্র উৎসবের এবারের আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিল ছবিটি। তবে মহামারির কারণে সাংহাইয়ে এবারের আসরে কোনো আন্তর্জাতিক জুরিকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। তাই এবার সংক্ষিপ্ত তালিকায় থাকা ছবিগুলোই এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড অফিশিয়াল সিলেকশন হিসেবে ঘোষণা করা হয়েছে। ছবিটির প্রযোজক জসীম আহমেদ বলেন, ‘এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডস বিভাগের প্রধান ই–মেইলে খবরটি নিশ্চিত করেন। এরপর তো ডিসিপি ডেলিভারিসহ অন্যান্য আনুষ্ঠানিকতার পেছনে বেশ ব্যস্ততা গেছে। তবে আমরা খুব আনন্দিত যে এ গ্রেডের তালিকাভুক্ত একটি উৎসবে আমাদের ছবিটির প্রিমিয়ার হতে যাচ্ছে।’
সাধারণত এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্যকার ও সেরা চিত্রগ্রাহক বিভাগে পুরস্কার দেওয়া হয়। কিন্তু এবার অফিশিয়াল সিলেকশন হিসেবে সম্মান জানানো হচ্ছে নির্বাচিত প্রতিটি ছবিকে। কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে ‘মায়ার জঞ্জাল’-এর প্রযোজক-পরিচালক ও অভিনয়শিল্পীদের সাংহাইয়ে আমন্ত্রণ জানাতে পারছেন না আয়োজকেরা। তবে উৎসব চলাকালীন ছবিটির প্রচারণা চালাবেন তাঁরা।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘মায়ার জঞ্জাল: ডেব্রি অব ডিজায়ার’ পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। রোববার সন্ধ্যায় কলকাতা থেকে প্রথম আলোকে পরিচালক বললেন, ‘উৎসবে নির্বাচিত হওয়ার বিষয়টি আশীর্বাদের মতো। করোনার কারণে ছবিটির যাত্রা সূচিত করাটাই মুশকিল হয়ে যাচ্ছিল। সবই তো বন্ধ। ছবিটি কোথায় দেখাব, তা নিয়েও চিন্তা ছিল। সাংহাই উৎসবের বড় দিক হচ্ছে, তারা ছবিটি ফিজিক্যাল যেমন দেখাচ্ছে, তেমনি অনলাইনেও আয়োজন করছে।’
ইন্দ্রনীল জানালেন, ‘মায়ার জঞ্জাল’ সেই অর্থে মূলধারার ছবি নয়। তাই এ ধরনের ছবির সব সময় সাপোর্ট লাগে, তা না হলে মার্কেটিং করতে অসুবিধা হয়, হল পেতেও অসুবিধা হয়। এ ধরনের উৎসবে জায়গা পেলে পরিচালক ও প্রযোজকদের একটা বড় সাপোর্ট তৈরি হয়।
২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ ছিল অপি করিমের প্রথম চলচ্চিত্র। এরপর আর বড় পর্দায় পাওয়া যায়নি তাঁকে। ‘মায়ার জঞ্জাল’-এর মাধ্যমে আবারও চলচ্চিত্রে ফিরলেন তিনি। ‘মায়ার জঞ্জাল’-এর মাধ্যমে ১৫ বছর পর বড় পর্দার জন্য কাজ করলেন তিনি। ছবিটিতে তাঁর চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার, যে বিবাহিতা। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে তাঁর সংসার। স্বামী বেকার হওয়ায় সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াতে বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের বাসায় চাকরি করেন সোমা। স্বামী চাঁদু চরিত্রে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ‘মায়ার জঞ্জাল’ ছবিতে অপি করিমের বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ছবিতে অপি করিমের অভিনয় প্রসঙ্গে ইন্দ্রনীল বললেন, ‘যেকোনো পরিচালকের জন্য সে একটা সম্পদ। ওর সঙ্গে কাজ করাটা বেশ আরামদায়ক। সত্যিকার অর্থে পেশাদার বলতে যা বোঝায়, অপি তাই।’
২০১৩ সালে ‘ফড়িং’ ছবির মাধ্যমে পরিচালনায় আসেন ইন্দ্রনীল রায় চৌধুরী। এরপর টেলিভিশনের জন্য ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও ‘ভালোবাসার শহর’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করেন তিনি। পাঁচ বছর পর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় ফিরলেন কলকাতার এই প্রশংসিত নির্মাতা।