চুপি চুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ১৯৯২ সালেই কানাঘুষা শোনা গিয়েছিল প্রথম। হামন, হামন ছবির শুটিংয়ের সময়েই পেনেলোপে আর হাভিয়েরের প্রথম মোলাকাত। ছবির শুটিংয়ের সময় কাছে আসা। হয়তো প্রেমও। মওকা বুঝে, রসাল গল্প ফাঁদতে হাত মকশো করাও শুরু করে দিয়েছিলেন কেউ কেউ। কিন্তু বিধি বাম। গুজবটা ঠিকমতো জমে উঠতে না উঠতেই ফুস। টানা প্রায় পাঁচটা বছর কাটল। পেনেলোপে আর হাভিয়েরের মিল-মোহাব্বতের ছিটেফোঁটার প্রমাণও মিলল না। সিনে-সাংবাদিকেরা যখন হাতটাত গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন, তখনই আবার নিভৃতে বসা গুজবের আগুনে ঘৃতাহুতি। পেড্রো আলমোডোভারের লাইভ ফ্ল্যাশ ছবিতে ওঁদের দুজনের জুটি। তত দিনে অবশ্য দুজনই স্পেনের গণ্ডি পেরিয়ে রীতিমতো আন্তর্জাতিক তারকা। হাভিয়ের-পেনেলোপে রোমাঞ্চের গুজব মানে তখন এবার বিশ্বজুড়ে তোলপাড়। নড়েচড়ে বসতেও শুরু করেছিলেন হয়তো অনেকে। কিন্তু একই দশা দ্বিতীয় দফায়ও। পেরিয়ে গেল আরও বেশ কয়েক বছর। দ্য সি ইনসাইড ও নো কান্ট্রি ফর ওল্ডম্যান-এর মতো ছবির বাহাদুরিতে তত দিনে হাভিয়ের বারদেম মানেই অসাধারণ এক অভিনেতার নাম। পেনেলোপেরও হলিউড পদানত করা প্রায় সারা। নো কান্ট্রি ফর ওল্ডম্যান ছবির ঠান্ডা মাথার ভয়ংকর সেই খুনির চরিত্র হাভিয়েরকে এনে দিল সেরা পার্শ্ব-অভিনেতার অস্কার। হাভিয়েরের ঐতিহাসিক কীর্তিতে উদ্বেল হলো গোটা স্পেন। পেনেলোপের পিছিয়ে থাকলে চলবে কেন? ২০০৯ সালে উডি অ্যালেনের ভিকি, ক্রিস্টিনা, বার্সিলোনা অস্কার জয়ের আনন্দে ভাসালো পেনেলোপেকেও। এর মধ্যে পেনেলোপে আর হাভিয়েরের মন দেওয়া-নেওয়ার কী হলো? দু-দুবার ছক্কা খেয়ে এই বেলা বুঝি একটু ক্ষান্ত দিয়েছিলেন অতি উত্সাহী সিনে-সাংবাদিকেরা। আর এমন মোক্ষম সময়টাই কিনা বেছে নিলেন ওঁরা দুজনে! জানুয়ারি, ২০০৯। ব্রাজিলের সমুদ্রসৈকতে আকস্মিক ঝড়! একসঙ্গে সাগরজলে পেনেলোপে-হাভিয়ের রোমাঞ্চ! তারও চেয়ে পিলে চমকে দেওয়ার মতো বিষয়—পেনেলোপের হাতে সাক্ষাত্ বাগদানের আংটি! বটে? মুখে চিরকালের সেই মুখস্থ বাণী ‘বন্ধু, বন্ধু’ আওড়ে এত দিন কি কঠিন লুকোচুরিই না তাঁরা খেলেছেন সংবাদমাধ্যমগুলোর সঙ্গে। খবর চাউর হতে না-হতেই তোলপাড়!তবে সিংহভাগের চোখ ফাঁকি দিলেও তাঁরা যে পুরোপুরি রেহাই পেয়েছিলেন তা নয়। বছরখানেক আগেও মাদ্রিদের এক রেস্টুরেন্ট থেকে তাঁদের একসঙ্গে বেরোতে দেখে ঝলসে উঠেছিল ক্যামেরা। ছোটখাটোভাবে শোনা যাচ্ছিল তাঁদের বাগদান এমনকি পেনেলোপের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাও। সেসব ঘটনা হালে বেশি পায়নি। কারণ একই তালে ফলাও হয়েছে, তাঁদের আজ ছবির সময়সূচি নিয়ে ঝগড়া তো কাল ভারত থেকে বাচ্চা দত্তক নেওয়া নিয়ে দুজনের মুখ দেখাদেখি বন্ধ হওয়ার খবরাখবর!তাজ্জব ব্যাপার এই, সমুদ্রসৈকতে রোমাঞ্চের ছবি চাউর হওয়ার পরও হাভিয়ের আর পেনেলোপের মুখে যথারীতি শক্ত কুলুপ। বাগদানের ঘটনা স্বীকার-অস্বীকার কোনো কিছুতেই আগ্রহ নেই এই স্প্যানিশ জুটির কারোরই। সংবাদমাধ্যমকে মোটামুটি বুড়ো আঙুল দেখিয়ে তাঁরা আছেন একদম তাঁদের মতোই।ইকবাল হোসাইন চৌধুরী, তথ্যসূত্র: ইন্টারনেট