চুরি গেছে এমি ওয়াইনহাউসের বিয়ের পোশাক
অকাল প্রয়াত ব্রিটিশ সংগীতশিল্পী এমি ওয়াইনহাউসের বিয়ের পোশাকটি চুরি গেছে। ২০০৭ সালে ব্লেক ফিল্ডার-সিভিলকে বিয়ে করার সময় তিনি এ পোশাকটি পরেছিলেন। এমি ওয়াইনহাউস ফাউন্ডেশনের জন্য তহবিল গঠনের লক্ষ্যে আগামী বছর নিউইয়র্কে পোশাকটি নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছিল, পোশাকটির দাম উঠত এক লাখ পাউন্ডেরও বেশি।উত্তর লন্ডনে অবস্থিত যে বাড়িতে এমি থাকতেন, সেখান থেকে খোয়া গেছে তাঁর বিয়ের পোশাকটি। এটির পাশাপাশি এমির পরনের আরেকটি পোশাকও নিয়ে গেছে চোর। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত এই চুরির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেননি কেউ। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে বিবিসি। মাত্রাতিরিক্ত মাদক সেবনের কারণে ২০১১ সালের জুলাইয়ে এমির মৃত্যুর পর তাঁর স্মৃতিবিজড়িত সব সামগ্রী রাখা হয়েছিল লন্ডনের কেমডেন শহরে অবস্থিত তাঁর বাড়িতে। বাড়িটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর সেটি ফাঁকা করার প্রক্রিয়া শুরু হয়। ধারণা করা হচ্ছে, মালপত্র সরানোর সময় কৌশলে চুরি করা হয়েছে এমির পোশাকগুলো। এখন বাড়িটি পুরোপুরি ফাঁকা এবং বিক্রির জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে ২৪ ঘণ্টা বাড়িটি পাহারা দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা। ব্লেক ফিল্ডার-সিভিলকে বিয়ে করার পর দুই বছর তাঁর সঙ্গে সংসার করেছিলেন এমি ওয়াইনহাউস। ২০০৯ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। মাত্র ২৭ বছরের জীবনে এমি পেয়েছিলেন পাঁচ-পাঁচটি গ্র্যামি অ্যাওয়ার্ড। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ফ্রাঙ্ক’ অ্যালবামটি ইউরোপজুড়ে ঝড় তুলেছিল। তিন বছর বাদে ২০০৬ সালে ‘ব্যাক টু ব্ল্যাক’ অ্যালবামের অভাবনীয় সাফল্য ওয়াইনহাউসকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। ব্রিটিশ গায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি গ্র্যামি পুরস্কার ঝুলিতে ভরে রেকর্ড গড়েছিলেন এমি। ‘ব্যাক টু ব্ল্যাক’, ‘রিহ্যাব’, ‘লাভ ইজ এ লুসিং গেম’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন ক্ষণজন্মা এ শিল্পী।গানের পাশাপাশি এমি আলোচিত-সমালোচিত হয়েছেন তাঁর মাদকাসক্তি ও বুনো জীবন যাপনের জন্য। অতিরিক্ত মদ্যপান করে অসংযত কীর্তি-কলাপ, মাতাল অবস্থায় মঞ্চ পরিবেশনার মতো কাণ্ড ঘটিয়ে ২০০৭ সাল থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত খবরের বিষয় হয়ে উঠেছিলেন এমি। নিষিদ্ধ মাদকসহ ধরা পড়ায় জেলেও যেতে হয়েছে তাঁকে। ২০১১ সালের ২৩ জুলাই নর্থ লন্ডনের কেমডেনের বাড়িতে মাত্র ২৭ বছর বয়সে মৃত অবস্থায় পাওয়া যায় এমি ওয়াইনহাউসকে। ময়নাতদন্তে তাঁর রক্তে মাত্রাতিরিক্ত অ্যালকোহলের অস্তিত্ব পাওয়া গিয়েছিল।