
ভাবুন তো, একবার বিল গেটস কোনো একটা ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে এক প্যাকেট চিপস পকেটে পুরে দাম না দিয়ে পালানোর চেষ্টা করছেন! কিংবা স্রেফ এক জোড়া মোজা চুরি করার ফন্দি আঁটছেন মার্ক জাকারবার্গ! ভাবা যায়! বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক যাঁরা, তাঁরা কিনা দুই-দশ-এক শ ডলারের জন্য চুরি করবেন!
অভাবে স্বভাব নষ্ট হয় বলে শোনা যায়। কিন্তু যাঁদের অভাবেরই অভাব, প্রাচুর্যের মধ্যে যাঁদের বাস, তারা কেন চৌর্যবৃত্তির মতো কাজ করবেন? না, গেটস-জাকারবার্গ চুরি-টুরি করেননি। তবে তাঁদের মতো হলিউড তারকাদের কেউ কেউ চুরি করতে গিয়ে ধরা খেয়েছেন। লজ্জাজনক যে ঘটনার সর্বশেষ সাক্ষী অভিনেত্রী অ্যামান্ডা বাইনস। কদিন আগে নিউইয়র্কের একটি দোকান থেকে একটা হ্যাট চুরি করে পালানোর সময় ধরা পড়েছেন অ্যামান্ডা। ভাবা যায়, মিলিয়ন ডলার আয় করা এই অভিনেত্রী কিনা মাত্র দু শ ডলার দামের একটা হ্যাটের লোভ সামলাতে পারলেন না!
অ্যামান্ডা অবশ্য প্রথমে দাবি করেন, টাকা না দিয়ে তিনি হ্যাটটা নিয়ে বের হচ্ছিলেন ঠিকই, কিন্তু চুরি করছিলেন না। নিজের ড্রাইভারের খোঁজ করতেই দোকান থেকে বেরিয়ে আসেন। এরপর জেরার মুখে আবার বক্তব্য পাল্টান। দাবি করেন, তাঁকে ঘিরে ধরা ভক্তদের হাত থেকে বাঁচতেই হ্যাটের আড়ালে মুখ লুকিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন!
অ্যামান্ডা অবশ্য একা নন। এই তালিকায় ব্রিটনি স্পিয়ার্স, মেগান ফক্স, লিন্ডসে লোহান, এমনকি অস্কার-মনোনীত অভিনেত্রী উইনোনা রাইডার পর্যন্ত আছেন!
২০০৭ সালে একটি গয়নার দোকান থেকে আড়াই হাজার ডলার দামের নেকলেস চুরি করতে গিয়ে ধরা পড়েন লোহান। লোহান প্রথমে দাবি করেন, তিনি ধারে সেই নেকলেসটি নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পরে প্রমাণিত হয়, চুরিই করেছেন। লোহানকে ১২০ দিনের জেল ও কমিউনিটি সেবার শাস্তি দেওয়া হয়। অবশ্য শেষ পর্যন্ত শাস্তি আরও লঘু করে কারাদণ্ডের বদলে তাঁকে গৃহ-নজরদারির মধ্যে রাখা হয়েছিল।

বেভারলি হিলসের এক দোকান থেকে পাঁচ হাজার ডলারের নানা জিনিসপত্র কিনে দাম না দিয়ে ভেগে যাওয়ার চেষ্টা করছিলেন উইনোনা রাইডার। কিন্তু পড়বি তো পড় নিরাপত্তাকর্মীর ঘাড়ে! ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়ে সব। তিন বছরের প্রবেশন (একই সময়ের মধ্যে এই অপরাধ আরেকবার না করার শর্তে প্রথম অপরাধ মওকুফ করা) দেওয়া হয়। পাশাপাশি ৪৮০ ঘণ্টার কমিউনিটি সেবার শাস্তি পান রাইডার। তাঁকে মানসিক ও মাদকবিষয়ক কাউন্সেলিং নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
তারকারা কোনো দোকানে এলে সেই দোকানির বরাত খুলে যায়। ধন্যি ধন্যি করেন সেই দোকানি। কিন্তু ভেবে দেখুন তো, আজতক ফ্লোরিডার একটি দোকান মেগান ফক্সকে নিষিদ্ধ করে রেখেছে! কেন জানেন, নিজের উঠতি বয়সটায় ফক্স মাত্র সাত ডলারের একটা লিপ গ্লস চুরি করেছিলেন এই দোকান থেকে। ট্রান্সফরমার্স ছবির এই তারকার বন্ধুরা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছে, ছোটবেলা থেকে হাতটানের বেশ স্বভাব ছিল ফক্সের।
ব্রিটনি স্পিয়ার্সেরও চুরির ধাতটা অদ্ভুত। ২০০৭ সালে একবার ধরা পড়লেন একটা পরচুলা চুরি করতে গিয়ে। ২০০৯ সালে ক্যামেরায় ধরা পড়ল, ব্রিটনি একটা গ্যাস স্টেশন থেকে, শুনলে অবাক হবেন, চুরি করছেন একটা লাইটার! ব্রিটনির কি এতই টাকার অভাব যে একটা লাইটার পর্যন্ত কিনতে পারেন না!
টেলিভিশন সিরিজ ‘লস্ট অ্যান্ড এন্টুরেজ’ দিয়ে আলোচনায় আসা চীনা বংশোদ্ভূত অভিনেত্রী বাই লিং ২০০৮ সালের ভালোবাসা দিবসে লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরের একটি দোকান থেকে দুটো বিনোদন ম্যাগাজিন আর কিছু ব্যাটারি নিয়ে কেটে পড়ার সময় ধরা পড়েন। পরে বলেছিলেন, প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের কারণে ভালোবাসা দিবসে মনটা আরও বিষিয়ে ছিল বলেই এমনটা করেছেন!
নানা সময় এমনই শপলিফটিং বা দোকানে গিয়ে হাত সাফাইয়ের ঘটনায় ধরা পড়েছেন আরও কজন তারকা। এঁদের মধ্যে আছেন অভিনেত্রী ও সংগীত তারকা কোর্টনি লাভ, টিভি উপস্থাপিকা ও মডেল পিচেস জেলডফ, রিয়েলিটি তারকা ও মডেল টিলা টেকিলা। এমনকি টেনিস তারকা জেনিফার ক্যাপ্রিয়াতি পর্যন্ত একবার মাত্র ১৫ ডলারের একটা আংটি চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন!
আসলে অভাব থেকে নয়, তারকাদের এসব ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার, তাঁরা অপরাধগুলো করেছেন স্বভাব থেকে। চুরি করার এই স্বভাবটা আসলে একটা মানসিক সমস্যা। যাকে বলা হয় ক্লেপটোম্যানিয়া। একালের ক্লিওপেট্রাদের একটু-আধটু ক্লেপটোম্যানিয়া থাকটা খুব একটা দোষের কি!
রাজীব হাসান, র্যাঙ্কারডটকম অবলম্বনে