চুরি যাওয়া গাড়ি ফেরত পেলেন লিজ হার্লে
চুরি যাওয়ার চার দিন পর ৭৫ হাজার পাউন্ড মূল্যের বিলাসবহুল অওডি গাড়িটি ফিরে পেলেন ব্রিটিশ মডেল ও অভিনেত্রী এলিজাবেথ হার্লে।এলিজাবেথ হার্লে, যাকে সবাই লিজ হার্লে নামেই বেশি চেনেন। সম্প্রতি লন্ডনের মেফেয়ার এলাকায় পার্কিংয়ে গাড়ি রেখে কেনাকাটা করতে গেলে তা চুরি হয়ে গিয়েছিল। এ ঘটনায় চুরির অভিযোগও দায়ের করেছিলেন লিজ। চার দিন পর ঠিক একই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে কালো রঙের গাড়িটি। চুরি যাওয়ার আগে হার্লে গাড়িটি যেখানে রেখেছিলেন, ঠিক সেখানেই পার্কিং করা অবস্থায় পাওয়া যায় সেটি। এক খবরে এমন তথ্য জানিয়েছে ‘সান অনলাইন’।এদিকে, এই চুরির ঘটনায় ৪৭ বছর বয়সী এ তারকার খামখেয়ালিকেই দায়ী করেছেন স্থানীয় কয়েকজন দোকান কর্মচারী। এ প্রসঙ্গে তাঁদের একজন বলেন, ‘চার ঘণ্টার বেশি গাড়ি না রাখার নিয়ম থাকলেও প্রায়ই দীর্ঘ সময় গাড়ি রেখে উধাও হয়ে যান লিজ হার্লে। এত দামি গাড়ি এভাবে ফেলে রাখাটা বোকামি ছাড়া আর কিছুই না।’