
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে গত রোব ও সোমবার দুই দিনব্যাপী ‘অরিন্দম সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছর দুই গুণীকে সম্মাননা দেওয়া হয়। গত রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা এবং উৎসব ও সংগঠনের পতাকা উত্তোলন করে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার মো. রশীদুল হাসান প্রমুখ।
এদিন অরিন্দমের সদস্যরা আবৃত্তি, নাচ ও সংগীত পরিবেশন করেন। সন্ধ্যায় বজলুর রহমান শায়ক রচিত নাটক পূর্বকথন মঞ্চস্থ হয়। উৎসবের শেষ দিন গতকাল সোমবার সন্ধ্যায় আনন জামান রচিত ও শামীম সাগর নির্মিত নাটক অহম তমসায় মঞ্চস্থ হয়।