চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে চলছে অরিন্দম সাংস্কৃতিক উৎসব। গতকাল এর দ্বিতীয় দিনে দুটি নাটক মঞ্চস্থ করেছে ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরের উজান থিয়েটার। এগুলো হলো উৎপল দত্ত রচিত ইতিহাসের কাঠগড়ায় এবং মনোজ মিত্রের জ্যাম্বো ও একটি চিত্রনাট্য। দুটিরই নির্দেশনা দেন গৌতম মজুমদার।
এর আগে সন্ধ্যায় ছিল নজরুলসংগীত। গান করেন একরামুল হক, আবদুস সালাম ও সোনিয়া শারমিন। এ ছাড়া ছিল ‘নজরুল চেতনায় দেশাত্মবোধ ও মানবিকতা’ বিষয়ে আলোচনা। সংগঠনের সহসভাপতি ইয়াকুব হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান। আলোচক ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম। অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে গত মঙ্গলবার সেখানে শুরু হয়েছে সাত দিনের এই সাংস্কৃতিক উৎসব।