চুয়াডাঙ্গায় শেষ হলো জাতীয় নজরুল সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় তিন দিনব্যাপী নজরুল সম্মেলনের শেষ দিন গতকাল অরিন্দম থিয়েটারের একটি প​রিবেশনা l ছবি: প্রথম আলো
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় তিন দিনব্যাপী নজরুল সম্মেলনের শেষ দিন গতকাল অরিন্দম থিয়েটারের একটি প​রিবেশনা l ছবি: প্রথম আলো

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় নজরুল সম্মেলন ২০১৬’। কবির স্মৃতিবিজড়িত জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ১১ থেকে ১৩ মার্চ পর্যন্ত চলে বর্ণাঢ্য এই উৎসব।
নজরুল ইনস্টিটিউট ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই উৎসবকে ঘিরে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে নজরুলপ্রেমীদের মিলনমেলা বসে। নজরুল গবেষক, নজরুল সংগীতশিল্পী, আবৃত্তিকারসহ সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কার্পাসডাঙ্গা। জেলার গুরুত্বপূর্ণ স্থানে অসংখ্য তোরণ ও রংবেরঙের ফেস্টুনে বর্ণিল হয়ে ওঠে চারদিক। প্রকাশ করা হয়েছে স্মরণিকা।
অনুষ্ঠানের দিনগুলোতে সংগীত পরিবেশন করেন জাতীয় ও স্থানীয় প্রখ্যাত নজরুলসংগীতশিল্পীরা। গানের পাশাপাশি ছিল আবৃত্তি। এ ছাড়া, সংগঠন পর্যায়ে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি, চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ, দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমি ও আলমডাঙ্গা কলাকেন্দ্রের শিল্পীরা একক ও দলীয় আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশন করেন। উৎসবের সাংস্কৃতিক পর্বের মধ্যে উদ্বোধনী দিনে এনামুল হকের পরিচালনায় দলীয় নৃত্যানুষ্ঠান ‘নৃত্য বিহার’ ও শেষ দিনে চুয়াডাঙ্গার অরিন্দম থিয়েটারের পরিবেশনা কাজী নজরুল ইসলামের ‘রিক্তের বেদন’ গল্প অবলম্বনে নাটক দর্শকহৃদয় জয় করে। অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিনে জেলা শিল্পকলা একাডেমিতে শুদ্ধ বাণী ও সুরে নজরুলসংগীত প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণ দেন ফেরদৌস আরা, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান, সেলিনা হোসেন ও সালাউদ্দিন আহমেদ। জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ১১ মার্চ বেলা সাড়ে তিনটায় বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার সমাপনী দিবসের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উপভোগ করেন।