চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক উৎসবে নাটক মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জমে উঠেছে অরিন্দম সাংস্কৃতিক উৎসব ২০১৬। সাত দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের পঞ্চম দিনে গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে মঞ্চস্থ হয়েছে যশোরের নাট্যসংগঠন বিবর্তন পরিবেশিত নাটক মাতদ্রিং।
‘মাতদ্রিং’ আঁচিক ভাষার একটি শব্দ। যার অর্থ ‘গভীর অরণ্যচারী’। ‘মান্দি’ নামক একটি জাতিগোষ্ঠীর দুই নর-নারী কানু ও মিত্তির অনবদ্য প্রেমকাহিনিকে ঘিরে নাটকের গল্পের সূচনা। নাট্যকার সাধনা আহমেদ এই নাটকে মান্দিগোষ্ঠীর ভোজের উৎসব, নাচ, গান, আচার-বিশ্বাসসহ তাঁদের শোষণ-বঞ্চনা ও আন্দোলনের কথা তুলে ধরেছেন।
এ দিন সন্ধ্যা ছয়টায় উৎসবমঞ্চে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘আলোয় ভুবন ভরা’ অনুষ্ঠিত হয়।
সাড়ে ছয়টায় ‘রবীন্দ্র মানচিত্র: বিশ্ব মানবের বিস্তৃতভুবন’ শীর্ষক আলোচনা সভা হয়। অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের নির্বাহী সদস্য ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক মুন্সী আবু সাঈফ। ২৫ অক্টোবর থেকে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে শুরু হয়েছে সাত দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। এবার উৎসবে সহযোগিতা করছে প্রথম আলো। আজ রোববার উৎসবমঞ্চে পরিবেশিত হবে ভারতের পশ্চিমবঙ্গের সোদপুর পানিহাটির সায়ুধ নাট্য সংস্থার নাটক অপরাজিতা।