চূড়ান্ত হচ্ছে ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’
রিয়ালিটি শো ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’-এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামীকাল ১২ এপ্রিল। হ্যান্ডসাম পুরুষদের নিয়ে চ্যানেল আইয়ে গত বছরের শেষ দিকে শুরু হয় রিয়ালিটি শো ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’। সৌন্দর্যসচেতন পুরুষদের নিয়ে নির্মিত অনুষ্ঠানটির এরই মধ্যে ১৯টি পর্বের প্রচার সম্পন্ন হয়েছে। চ্যানেল আই সূত্র জানিয়েছে, ১২ এপ্রিল রিয়ালিটি শোটির ২০তম পর্ব ও গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এ পর্বেই নিশ্চিত হবে ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’ অনুষ্ঠানের প্রথম আসরের বিজয়ী।‘সেই পুরুষ যে চ্যালেঞ্জ ফেস করে নিজেকে প্রমাণ করে; যদি পুরুষ হও ফেস করো’—স্লোগানকে ধারণ করে ফেসওয়াস ব্র্যান্ড ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে শুরু হয়েছিল ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’। শেষ পর্যন্ত প্রতিযোগিতায় টিকে আছেন সাতজন প্রতিযোগী। তাঁরা হলেন ইরফান সাজ্জাদ, মো. আবু নাসির (ইরফান), নিয়াত উল্লাহ (আলভী), তানভীর আহমেদ ফারাভী, প্রণব সরকার, আজিজুল হক (আরিয়ান) ও আরিফ মোরশেদ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে এরাই লড়বেন হ্যান্ডসাম হওয়ার প্রতিযোগিতায়। ‘হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান’ অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান ও গাজী শুভ্র। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন রাখী। আর যৌথভাবে পরিচালনা করছেন ওয়াহিদ আনাম ও রায়হান খান। গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে।ক্যাপশন : ‘হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ অনুষ্ঠানের সেরা সাত প্রতিযোগী