এক আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় ভোট গণনা শেষে সংশোধিত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ড। গত মঙ্গলবার সন্ধ্যায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করে তারা। সেই সঙ্গে এ-ও জানা যায়, নবনির্বাচিত কমিটির সদস্যরা কাল শুক্রবার শপথ নেবেন।
নির্বাচন কমিশন সদস্যদের উপস্থিতিতে আপিল বোর্ডের চেয়ারম্যান সংশোধিত চূড়ান্ত ফলাফল আবেদনকারী ওমর সানীর হাতে তুলে দেন। সে সময় ওমর সানীর সঙ্গে তাঁর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী উপস্থিত ছিলেন।
গত রোববার সকালে আপিল বোর্ডের চেয়ারম্যান বরাবর নির্বাচনের ফলাফল বাতিলের আবেদন করেন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী ওমর সানী। তিনি অভিযোগ করেন, প্রাথমিক ঘোষিত ফলাফলে প্রাপ্ত ভোটসংখ্যা অসংগতিপূর্ণ, শিল্পী সমিতির বিদায়ী কমিটির সভাপতি শাকিব খানকে ভোট গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয় ও ভোট কারচুপি করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় ভোট গণনা করে সংশোধিত ফলাফল দেয় আপিল বোর্ড। সংশোধিত ফলাফল হাতে পেয়ে ওমর সানী বলেন, ‘লিখিত আবেদন করেছিলাম, লিখিত ফলাফল পেয়েছি। চলচ্চিত্রে বড়দের পরামর্শ মেনেই এখানে কাজ করে যেতে চাই।’ এরপর কোনো আইনি লড়াইয়ে যাবেন কি না, জানতে চাইলে ওমর সানী বলেন, ‘সময় কথা বলবে। তবে ভোট গণনার রাতের ঘটনার পর থেকে কেন জানি এই জায়গায় আসতে অস্বস্তি লাগছে, ভয় পাচ্ছি।’
চূড়ান্ত ফলাফলে বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে। পরাজিত সভাপতি পদপ্রার্থীর প্রাথমিক ফলাফলে ভোটসংখ্যা ১৫৩ থেকে বেড়ে ১৬২ হয়েছে। বেড়েছে ৯টি ভোট। আবার কার্যকরী পরিষদের সদস্যপদে প্রাথমিক ফলাফলে ৩৪১ ভোট পেয়ে বিজয়ী সুশান্ত সংশোধিত ফলাফলে পরাজিত হয়েছেন। তাঁর ভোটসংখ্যা কমে হয়েছে ২২৫। সংশোধিত ফলাফলে ২৫২ ভোট পেয়ে নানা শাহ ওই পদে জয়ী হয়েছেন।
চূড়ান্ত ফলাফল প্রকাশ করার পর আপিল বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন দিলু বলেন, ‘বিভিন্ন প্রার্থীর প্রাপ্ত ভোটসংখ্যা ঠিকই আছে। কিন্তু ক্যালকুলেটরে যোগ করতে গিয়ে সংখ্যা ভুল হয়েছে। এটি সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।’
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে নবনির্বাচিত ব্যক্তিদের শপথবাক্য পাঠ করানো হবে। নির্বাচন কমিশন থেকে আগে জানানো হয়েছিল, আগামী রোববার এই শপথ অনুষ্ঠান হবে।
বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে ভোট গণনার রাতে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় আইনি ব্যবস্থা নিয়েছেন এই অভিনেতা। গত সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনি অভিযোগ করেছেন। অভিযোগ নম্বর ৩৬৫-তে শাকিব অভিযুক্ত করেছেন শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান, বিজয়ী কার্যকরী সদস্য সাইমন সাদিক, অভিনেতা জিয়া, ফাইটার শামীম, নৃত্যপরিচালক কালুসহ অজ্ঞাতনামা কয়েকজনকে।