চূড়ান্ত হলেন বুবলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুবলী
বুবলী

মাসখানেক আগে প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন, এবার চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ হলেন উত্তম আকাশের চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া ছবিতে। ৫ সেপ্টেম্বর রাতে এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিতে সই করেছেন বুবলী। ছবিটিতে বুবলীর নায়ক শাকিব খান।

ঢালিউডের এই নবাগতা বলেন, ‘৫ সেপ্টেম্বর রাতে প্রযোজনা প্রতিষ্ঠানের কার্যালয়ে ছবির পরিচালক উত্তম আকাশ, প্রযোজক সেলিম খানের উপস্থিতিতে চুক্তি করেছি।’

নায়ক শাকিব খানেরও থাকার কথা ছিল। কিন্তু চালবাজ ছবির শুটিংয়ের জন্য তিনি যুক্তরাজ্যে চলে গেছেন।

চুক্তির বিষয়টি নিশ্চিত করে ছবির পরিচালক উত্তম আকাশ বলেন, এই ছবিতে অভিনয়ের জন্য মাসখানেক আগে প্রাথমিক কথাবার্তা হয়েছিল। এদিন চূড়ান্ত চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী।

ছবির গল্প সম্পর্কে পরিচালক জানান, দুই অঞ্চলের আঞ্চলিক ভাষায় রোমান্টিক কমেডি ধাঁচের গল্প নিয়ে ছবিটি তৈরি হবে।

শুটিং শুরুর প্রসঙ্গে এই পরিচালক বলেন, ‘এখন শাকিব ও মিমকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠানের আমি নেতা হবো ছবির শুটিং চলছে। এই ছবির কাজ শেষ হলে সপ্তাহখানেক বাদে নতুন ছবির শুটিং শুরু হবে। মাস দেড়েকের মধ্যে শুরু করতে পারব বলে আশা করছি।’

এদিকে বুবলীর বাড়ি নোয়াখালী। কিন্তু বেড়ে উঠেছেন ঢাকায়। তাই নিজের আঞ্চলিক ভাষা অতটা আয়ত্তে নেই তাঁর। এই ছবিতে নিখুঁতভাবে ভাষা ফুটিয়ে তুলতে বিভিন্নভাবে নোয়াখালীর ভাষা অনুশীলন করে যাচ্ছেন বলে জানান বুবলী।