
দ্য চেইনস্মোকার, আমেরিকার দুজন ডিজে অ্যান্ড্রু ট্যাগারট ও অ্যালেক্স পল নিজেদের এই নামেই ডাকেন! কিন্তু কেন আজ তাঁদের কথা বলছি তাই ভাবছেন? বলারই তো কথা! এই কয়েক দিন আগে ব্যান্ডটি রিলিজ করেছে তাদের নতুন একক গান ‘প্যারিস’। ইতিমধ্যে ইউটিউবে সাড়ে তিন কোটিরও বেশিবার গানটি দেখা হয়ে গেছে। যুক্তরাজ্যের ট্রেন্ডিং গানের তালিকার শীর্ষ স্থানটিও এরই মধ্যে চলে গেছে গানটির দখলে।
দ্য চেইনস্মোকার, নামের মধ্যেই আছে একটা নেশা ধরানো ব্যাপার! তবে মজার বিষয় হলো, চেইনস্মোকার নামটা কিন্তু একদমই হুটহাট করে দেওয়া। শুনতে ভালো লাগে, তার চেয়েও বড় কথা, ওয়েবসাইট বানানোর জন্য এই নামের ডোমেইনও পাওয়া যাচ্ছিল সহজেই! কে জানত তখন, এই নামটিই একদিন ঝড় তুলবে বিশ্বের লাখ লাখ সংগীতপ্রেমীর কানে?
দ্য চেইনস্মোকার ব্যান্ডে অ্যান্ড্রু আর পলের রসায়ন দেখে অনেকেই হয়তো ভাবতে পারেন তাঁরা বুঝি জনম জনমের বন্ধু ছিলেন! অথচ দেখুন, ছয় বছর আগেও তাঁরা একজন আরেকজনকে চিনতেনই না! দুজনের প্রথম দেখা এক বিয়ের অনুষ্ঠানে, আরেক পরিচিত বন্ধুর কল্যাণে। এর আগে দলে শুরু থেকে ছিলেন অ্যালেক্স পল ও সাবেক ডিজে রেট বিক্সলার। বিক্সলার দল ছেড়ে যাওয়ার পর নতুন এসে যোগ দেন অ্যান্ড্রু ট্যাগারট। পলের ছোটবেলা থেকেই ডিজে হওয়ার নেশা, আর অ্যান্ড্রু ভালোবাসতেন পপ ধাঁচের গান। টানা দুই মাস এ নিয়ে ধস্তাধস্তির পর শেষ পর্যন্ত তাঁরা একসঙ্গে গান করা শুরু করেন। অবসর সময়টাও দুজনের মেলে না। পল কাটান বই পড়ে, আর অ্যান্ড্রু ভালোবাসেন ভিডিও গেমস খেলতে।
দ্য চেইনস্মোকার মূলত ইলেক্ট্রো ডিজে ধাঁচের গান করে থাকে। প্রথমদিকে সাফল্য সহজে ধরা দেয়নি। শুরুর সেই দিনগুলোতে তাঁরা গান গাইতেন বিনা মূল্যে অডিও শোনার ওয়েবসাইট সাউন্ডক্লাউডে। কারণ একটাই, সহজে শ্রোতার কাছে পৌঁছানো। এরপর ২০১৩ সালে মুক্তি পায় তাঁদের একক গান ‘#সেলফি’। এই গানটি দিয়েই ব্যান্ডটি বাজিমাত করে দেয়। সেই শুরু, হালের ‘প্যারিস’ পর্যন্ত খোলা আছে ব্যান্ডটির সাফল্যের হালখাতা। ২০১৬ সালের জুলাইয়ে মুক্তি পেয়েছিল ‘ক্লোজার’, বিলবোর্ড টপ চার্টে টানা ১২ সপ্তাহ শীর্ষে ছিল গানটি। শুধু একক গানই নয়, বুকে ও কোলাজ নামে দুটি অ্যালবামও বের হয়েছে ব্যান্ডটির। শুধু কি তা-ই? এর মধ্যেই চলতি বছরের গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছে দ্য চেইনস্মোকারস! তাই তাদের সাফল্যের পালে এখন যে মিষ্টি সুবাতাস বইছে, তা আর বলে দিতে হয় না!
দ্য চেইনস্মোকার নিয়ে আরও জানতে ঢুঁ মারতে পারেন তাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলে। ‘প্যারিস’-এর পর দেখা যাক আবার কোন নতুন গান দিয়ে তাক লাগিয়ে দেয় ব্যান্ডটি!
বিলবোর্ড, সিবিএস নিউজ, টাইম, ফিলস্টার অবলম্বনে