চেখভ স্টুডিওর নাট্যভ্রমণ

রাশিয়ার চেখভ স্টুডিওর নাটক চেখভ ও গাংচিল দেখতে পারবেন ঢাকার দর্শকেরা। শিল্পকলা একাডেমির মুক্ত আঙিনা ও জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে আজ বৃহস্পতিবার বিকেলে। যাঁরা দেখতে যাবেন, শিল্পকলার মুক্ত আঙিনা ও মূল মিলনায়তনে রচিত এক অন্য ধরনের ইতিহাসের সাক্ষী হবেন তাঁরা।
বিকেল সাড়ে পাঁচটার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর ইগনাতভ ও মস্কোর রুশ নাট্য বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা বিভাগের ডিন ভ্লাদিমির বাইচার। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী ও রাশিয়ার চেখভ স্টুডিওর বাংলাদেশ নাট্যভ্রমণের প্রধান সমন্বয়কারী ইসরাফিল শাহীন। সেদিনের সভাপতি থাকবেন সংস্কৃতিসচিব মো. ইব্রাহীম হোসেন খান।
সন্ধ্যা ছয়টায় শুরু হবে নাটক। নাটকের প্রথম অঙ্ক পরিবেশিত হবে একাডেমির নন্দন মঞ্চে। দ্বিতীয় ও তৃতীয় অঙ্ক কফি কর্নারে এবং চতুর্থ অঙ্কের অভিনয় হবে জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে।
কাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় আন্তন চেখভের কমেডি ভল্লুকপরিবেশিত হবে পরীক্ষণ থিয়েটারে।
এ ছাড়া চেখভ স্টুডিও তিন দিনের একটি কর্মশালাও পরিচালনা করছে। ৭, ৮ ও ১০ ফেব্রুয়ারির এ কর্মশালায় অংশ নিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাচিত নাট্যকর্মীরা। শিল্পকলা একাডেমির তিনটি মহড়াকক্ষে নির্দেশনা, অভিনয় ও পরিকল্পনা নিয়ে তিনটি কর্মশালা পরিচালনা করছেন ভ্লাদিমির বাইচার ও তাতিয়ানা ফেদুশিনা।