চেখভকে নিয়ে রাকায়েত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেখভকে নিয়ে তাঁর নির্দেশিত নাটকের আগে মিলনায়তনের বাইরে গাজী রাকায়েত
চেখভকে নিয়ে তাঁর নির্দেশিত নাটকের আগে মিলনায়তনের বাইরে গাজী রাকায়েত

আন্তন চেখভের নাটক! বিশ্বসেরা নাটক হিসেবে তা দাঁড়িয়ে গেছে বহুকাল আগেই। আমাদের গাজী রাকায়েত চেখভের এবং চেখভকে নিয়ে তিনটি নাটকের যে একটি অনবদ্য সৃষ্টি দাঁড় করিয়েছেন, তার ৫০তম প্রদর্শনী হয়ে গেল ১১ জানুয়ারি।
গাজী রাকায়েতের সঙ্গে কথা হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে, সেখানেই হয়েছিল প্রদর্শনীটি।
মূলত এই নাটক নিয়েই চারুনীড়ম যাত্রা শুরু করে ২০০৭ সালে। তখন চারুনীড়ম ছিল একটি ইনস্টিটিউট। জানালেন চারুনীড়মের পরিচালক গাজী রাকায়েত।
কেন শুধু চেখভকে নিয়ে এই যাত্রা?
‘১৯৯৬ সালের কথা। মুক্তিযুদ্ধ জাদুঘরে মঞ্চস্থ হয় চেখভের নাটক সোয়ান সং। নানা রঙের দিন নামে নাটকটির রূপান্তর করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। নাটকে আমি অভিনয় করেছি ৬৮ বছর বয়সের রজনীকান্তর চরিত্রে। দর্শক সারিতে তখন বসে আছেন বিভাষ চক্রবর্তী। নাটক শেষে তিনি আমাকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিয়েছিলেন। সেই অনুপ্রেরণা চেখভকে নিয়ে অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে’—বললেন গাজী রাকায়েত।
চেখভ জুগিয়েছেন সাহস। সেই সাহসের ওপর নির্ভর করে রাকায়েতরা এগিয়েছেন আরও অনেক পথ। ২০১০ সালে চারুনীড়ম থিয়েটার প্রতিষ্ঠা করার পর ‘চেখভ’ ছাড়াও রাকায়েতের নির্দেশনায় এ সময় মঞ্চে আসে আরও দুটি নতুন প্রযোজনা।
অভিনেতা হিসেবেই শুরু করেছিলেন ক্যারিয়ার। নির্দেশক হওয়ার নেশা ছিল। সেসব গল্পও এই ফাঁকে শুনে নিই।
‘আমি তখন বুয়েটের শেষ বর্ষের ছাত্র। নাট্য নিকেতন নামে একটি দলে প্রথম নাটকের নির্দেশনা দেওয়ার সুযোগ হয়। তারপর ১৯৮৯-এর নভেম্বরে যুক্ত হই নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে। নাগরিকের হয়ে নির্দেশনা দিয়েছি মৃত্যু সংবাদ নাটকের’।
নির্দেশনা দিয়েছেন সময় নাট্যগোষ্ঠীর সাদা ঘোড়া এবং থিয়েটার আরামবাগের জন্মসূত্র নাটকে।
হাসতে হাসতে বললেন তাঁর নাটক লেখার অনেক গল্প। রূপান্তর করেছেন মলিয়ের ও হেনরিক ইবসেনের মতো নাট্যকারদের নাটক। এ ছাড়া লিখেছেন জন্মসূত্র। জাফর ইকবালের গল্প অবলম্বনে রচনা করেছেন নাটক বলদ। মঞ্চ পরিকল্পনাও করেছেন চারটি নাটকে।
অনেক কথা হলো। শেষ প্রশ্ন করি, থিয়েটার ঘিরে স্বপ্ন কী?
‘পথ চলার প্রথম সারথি হিসেবে চেখভ তো আছেই। এ ছাড়া সব ধরনের নাটক করতে চাই। আশা করছি শেক্সপিয়ারকে নিয়ে কাজ করব। তবে অভিনয় জীবনের বড় স্বপ্ন আছে। ৬৮ বছর বয়স পর্যন্ত রজনীকান্তর চরিত্রটি করে যেতে চাই।