চেনা অজ্ঞাতনামা

তারা ক্রীতদাস নয়, তারা মানুষ

তৌকীর আহমেদ, পরিচালক, ‘অজ্ঞাতনামা’
আমাদের দেশের প্রায় এক কোটি মানুষ বিশ্বের বিভিন্ন দেশে থাকেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যেই বেশি। তাঁদের জীবনের একটি অধ্যায় নিয়ে অজ্ঞাতনামা। এই শ্রমিকদের বেশির ভাগই অদক্ষ বা স্বল্প দক্ষ। এ কারণে সেখানে তাঁদের জীবনযাত্রার মানও খুব নিম্ন। তাঁদের জীবনে বিনোদন, সুচিকিৎসা, এমনকি মানবাধিকারের বালাই নেই। এর মধ্যে বেশির ভাগই যান গলাকাটা পাসপোর্টে। তারপর লাশ হয়ে ফিরে আসেন। যে স্বপ্ন নিয়ে তাঁরা বিদেশে পাড়ি দেন, তা আর পূরণ হয় না। এই নিয়েই গল্প। কিন্তু আমি যে জিনিসটি দেখানোর চেষ্টা করেছি, তা হলো, গলাকাটা হোক আর যা-ই হোক, সবার আগে পরিচয় তিনি একজন মানুষ। আর প্রবাসে যাঁরা যান, তাঁরা তো ক্রীতদাস নন, মানুষ। এটাই হোক পরিচয়।
আর সিনেমাটি নির্মাণের জায়গা থেকে বলব, আমার অভিনয়শিল্পীরা দুর্দান্ত করেছেন। তাঁদের চেষ্টায় একটা ভালো সিনেমা নির্মাণ হয়েছে বলেই মনে হয়। বাকিটা দর্শকেরা ভালো বলতে পারবেন।
চারটি বিষয় মিলে গেছে
শহীদুজ্জামান সেলিম, অভিনেতা
আমার দৃষ্টিতে একটা ভালো ছবির জন্য চারটা উপাদান খুব জরুরি। এক. একটা সুন্দর সমসাময়িক গল্প; দুই. সেই গল্প শুরু করার উপযুক্ত স্থান বা লোকেশন; তিন. উপযুক্ত অভিনয়শিল্পী; চার. যিনি চলচ্চিত্রটি বানাবেন, তাঁর পারঙ্গমতা। আমার মনে হয়েছে, অজ্ঞাতনামার ক্ষেত্রে চারটি বিষয়ই দারুণভাবে মিলে গেছে। পরিচালক অসাধারণ একটি গল্প নির্বাচন করে সে অনুযায়ী লোকেশন বাছাই করেছেন। সেই সঙ্গে চরিত্র অনুযায়ী দুর্দান্ত সব অভিনয়শিল্পী নিয়েছেন। তবে এটা সত্যি, ছবিটির বাজেট কম ছিল। কিন্তু সেই ছাপ ছবিতে পাওয়া যাবে না। অভিনয়শিল্পীদের পরিশ্রম এবং পরিচালকের কারিশমা দিয়ে সেটি উতরে গেছে। তৌকীরের চলচ্চিত্রে এটিই আমার প্রথম কাজ। তার সঙ্গে কাজের ব্যাপারে একটা ধারণা তৈরি হলো। সব মিলিয়ে তৌকীর একটা সুন্দর ছবি সবাইকে উপহার দিতে যাচ্ছে।
আমি বলব ছবিটি দেখুন
ফজলুর রহমান বাবু, অভিনেতা
আমার চরিত্রটা সেই একজন বাবার, যার ছেলে গলাকাটা পাসপোর্টে দেশের বাইরে গেছে। তারপর লাশ হয়ে ফিরে এসেছে। তারপর থেকে সেই লাশ নিয়ে একজন অসহায় বাবার যে যুদ্ধটা, সেটাই ফুটে উঠেছে। পরিচালক দর্শকদের মনে যে বেদনা সঞ্চার করতে চেয়েছেন, সেটি এই চরিত্রের মধ্য দিয়েই করেছেন। কতটুকু পেরেছেন, সেটা পরিচালক ও দর্শকেরাই ভালো বলতে পারবেন। আমি শুধু বলব, এই যে ভিটেমাটি বিক্রি করে মানুষ দেশের বাইরে চলে যায়, তারা যে সেখানে কত কষ্ট করে জীবন যাপন করে, এই মানবিক দিকটিই ফুটিয়ে তোলা হয়েছে। এটা আসলে ছবিটি দেখলে বোঝা যাবে। আমি বলব, ছবিটি দেখুন। তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে।
দারুণ সিনেমা হয়েছে
মোশাররফ করিম, অভিনেতা
এই সিনেমা নিয়ে আমার মন্তব্য হলো, একজন যদি হলে যায়, তাহলে সে সিনেমাটি দেখে এসে কমপক্ষে পাঁচজনকে বলবে। কারণ, সিনেমাটির গল্প, দৃশ্যায়নগুলো অসাধারণ। সব মিলিয়ে দারুণ একটা সিনেমা তৈরি হয়েছে। তবে বাণিজ্যিক ছবি বা আর্টফিল্ম, যা-ই বলি না কেন, এসবের বাইরেও আমার কাছে মনে হয়, ছবির আসলে একটাই সংজ্ঞা। ভালো ছবি এবং মন্দ ছবি। অজ্ঞাতনামা সত্যিকারের একটা ভালো ছবি। আর তৌকীর ভাই সম্পর্কে আমি একটু বলতে চাই, তিনি খুব ভালো মাপের একজন চলচ্চিত্রনির্মাতা। তাঁর পরিচালনায় দারুচিনি দ্বীপে আমি অভিনয় করেছিলাম। তখনই বুঝে গেছি তিনি কতটা ভালো ছবি নির্মাতা।
গ্ল্যামারের কমতি নেই
নিপুণ, অভিনেত্রী
মোশাররফ করিমের সঙ্গে এটাই আমার চলচ্চিত্রে প্রথম অভিনয়। এর আগে টিভি নাটকে একসঙ্গে কাজ করেছি। আর তৌকীর ভাইয়ের সঙ্গে কাজ করাও প্রথম। শুরুতে যে কথাটি বলব, যত দূর জেনেছি, ছবিটির বাজেট অনেক কম ছিল। কিন্তু অভিনয়শিল্পী থেকে শুরু করে পুরো ছবিটি দেখে এই বাজেট-স্বল্পতার ব্যাপারটি কেউ বুঝতেই পারবে না। আমার মনে হয়, এটা তৌকীর ভাই বলেই সম্ভব হয়েছে। ছবিতে আমার চরিত্রের নাম বিউটি। বিদেশে যেতে আগ্রহী এক নারী, যাকে একবার যেতে হয় দালালের কাছে, আবার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পুলিশের কাছে। কিন্তু তার কাছে টাকা নেই। সে নানাভাবে ভুলিয়ে-ভালিয়ে কাজটা হাসিল করতে চায়। এই চরিত্রে অভিনয়ের আগে তৌকীর ভাই আমাকে একটি কথাই বলেছেন, ‘নিপুণ, আমার একটা গ্ল্যামারাস ফেস দরকার। সেটি তুমিই। আমি সেই কাজটি করেছি। ছবিটিতে গ্ল্যামারের কমতি নেই।’
একটু ভয় ছিল
শতাব্দী ওয়াদুদ, অভিনেতা
আমার চরিত্রটি একটা ‘পজিটিভ’ চরিত্র। একজন পুলিশ অফিসার, যে মফস্বল এলাকায় কাজ করে। সেখানে নানা ধরনের অদ্ভুত অদ্ভুত সমস্যার মুখোমুখি হয় সে। একই সঙ্গে ওপরমহলের নির্দেশও মানতে হয়। কিন্তু সে মানবিক। এটা সিনেমাটি দেখলে বোঝা যাবে। আর তৌকীর ভাইয়ের নির্দেশনায় এটা আমার প্রথম কাজ। এর আগে ১৯৯৬ সালে থিয়েটার সেন্টারে কাজ করার সময় একটা নাটকের সেট ডিজাইন করেছিলেন তৌকীর আহমেদ। ওই দলে আমি ছিলাম। ওই সময় তৌকীর ভাইকে কাছাকাছি দেখেছি। জেনেছি। আর এই চলচ্চিত্রে কাজ করতে গিয়ে একটু ভয়ও পেয়েছিলাম। এত ভালো ভালো অভিনেতার ভিড়ে কী করব কিংবা ঠিকমতো নিজের চরিত্রটা ফুটিয়ে তুলতে পারব কি না, এই নিয়ে চিন্তা ছিল।
গল্পবলার স্টাইলটা ভালো
শাহেদ আলী, অভিনেতা
গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর একটা চরিত্র রহমান। খেটে খাওয়া জনমানুষের প্রতিনিধি সে। যে চরিত্রটি দেখলে মনে হবে, পাশের বাড়ির চরিত্র। তার চেয়েও বড় ব্যাপার হলো, পুরো সিনেমাটি দেখে মনে হবে, এটা একদম চেনা গল্প। তবে তৌকীর ভাইয়ের গল্পবলার স্টাইলটা ভালো। দর্শকেরা এতে বেশ মজা পাবেন।
গ্রন্থনা: হাবিবুল্লাহ সিদ্দিক