চেনা গল্পকে ফ্রেমবন্দী করেছে শিশু-কিশোরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনী দেখতে এসে কথা বলছেন সংগীতশিল্পী অর্ণব
প্রদর্শনী দেখতে এসে কথা বলছেন সংগীতশিল্পী অর্ণব

ওরা সুবিধাবঞ্চিত। এ শহরে মাথা গোঁজার ঠাঁই নেই, নির্দিষ্ট ঠিকানা নেই। সেই শিশু-কিশোরদের একটি দলই তুলে নিল ক্যামেরা। যাপিত জীবনের চালচিত্র, দৈনন্দিন নাগরিক জীবনের ইতিবৃত্ত আর নিজেদের খুব চেনা গল্পকে ফ্রেমবন্দী করেছে তারা।

এই শিশু-কিশোরদের তোলা ছবিগুলো নিয়ে ‘উৎস বাংলাদেশ’-এর উদ্যোগে ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে ‘উৎস ফটো প্রদর্শনী’। ১৪ জন খুদে আলোকচিত্রীর তোলা একশটি ছবি নিয়ে তিন দিনের এই প্রদর্শনী শুরু হয় শুক্রবার। আজ রোববার প্রদর্শনীর শেষ দিন।
উৎস বাংলাদেশের চেয়ারপারসন ফারজানা রহমান জানান, উৎস বাংলাদেশ এবং সুইজারল্যান্ডের দাতব্য প্রতিষ্ঠান ইনোভাব্রিজের যৌথ উদ্যোগে ২০১২ সালে শুরু হয় ‘পোস্ট কার্ডস ফ্রম দ্য ফিউচার’ শিরোনামের আলোকচিত্রবিষয়ক কর্মশালা।
সুইজারল্যান্ডের নাগরিক জর্ডানকা তোমকোভা বাংলাদেশ ভ্রমণে এসে অবহেলিত, বঞ্চিত এবং প্রান্তিক শিশুদের নিয়ে কাজ করতে শুরু করেন। পরে তিনি এই শিশুদের আলোকচিত্র কর্মশালায় সম্পৃক্ত করেন। তাঁর জোগাড় করা ১৭টি ক্যামেরা নিয়ে শুরু হয় কর্মশালা। দলনেতা হিসেবে এগিয়ে আসেন বিটিভির অবসরপ্রাপ্ত পরিচালক আলোকচিত্রী গোলাম মুস্তাফা এবং স্থপতি শাহরিয়ার ইকবাল। শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার পাশাপাশি শুরু হয় আলোকচিত্রের প্রশিক্ষণ।

শিশুদের নিয়ে আলোকচিত্রগুলো দেখছেন আহসান হাবীব।
শিশুদের নিয়ে আলোকচিত্রগুলো দেখছেন আহসান হাবীব।

ফারজানা রহমান বলেন, ‘যে শিশুদের মাথা গোঁজার ঠাঁই ছিল না, যাদের পাশে কেউ ছিল না, তাদের ভেতরও যে শিল্পের বীজ গোপনে বোনা তা টের পাওয়া গেল প্রশিক্ষণ শুরুর পরপরই। দেখা গেল, ওরা খুব সহজেই ক্যামেরার বিভিন্ন টেকনিক্যাল বিষয় আত্মস্থ করতে পারছে। শুধু তা–ই নয়, এরই মাঝে তারা শিখে নিয়েছে কী করে ছবির বিষয় নির্ধারণ করতে হয়, কোন অ্যাঙ্গেল থেকে ছবি তুললে সেটা ভালো হয়।’ জনপ্রিয় কার্টুনিস্ট এবং উন্মাদ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীব ও কণ্ঠশিল্পী অর্ণব এসেছিলেন খুদেদের এই প্রদর্শনীতে।
আহসান হাবীব বলেন, ‘শিশুদের এই ফটোগ্রাফি প্রশিক্ষণকে সামনে রেখে আরও নতুন নতুন পদক্ষেপ নিতে হবে। ডিজিটাল প্রযুক্তি এবং শিল্পের সমন্বয়ের সঙ্গে এই সুবিধাবঞ্চিত শিশুদের সুযোগ করে দিতে হবে। তবে তা একা সম্ভব নয়, প্রয়োজন সবাইকে।’
অর্ণব বলেন, ‘আমি যখন শান্তিনিকেতনে ছিলাম, তখন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৃজনশীল শিক্ষার সঙ্গে পথ চলা শুরু হয়েছিল আমার। উৎস বাংলাদেশের এই অবহেলিত শিশুদের শিল্পের পথে পরিচালনা করাটা খুবই ভালো একটি উদ্যোগ। আমি ব্যক্তিগতভাবে সব সময়ই উৎসের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব।’
আজ রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এই আলোকচিত্র প্রদর্শনী।