
আসছে নতুন ছবি। তবে ছবিটি নতুন বার্তা দেওয়ার বদলে বারবার পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে দর্শকদের। ‘রিক্রিয়েট’ ‘রিক্রিয়েট’ সাড়া তুলে বলিউড সরগরম করে ফেলেছে প্রেম রতন ধন পায়ো। এ ছবির পোস্টার প্রকাশের পর থেকে শুরু হয়েছে বলিউডের নতুন এই ধারার। কখনো এই ছবির পোস্টার মনে করিয়ে দিচ্ছে সালমান খান-ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রণয়ের দিনগুলোর কথা। কখনোবা সালমান খান-মাধুরী দীক্ষিতের সফল রসায়নের ঝলক দেখা যাচ্ছে সালমান খান আর সোনম কাপুরের জুটিতে। তাই নতুন ছবির ভেতরের পুরোনো আকর্ষণগুলোই এখন বলিউডের রণক্ষেত্রে ঢাল হয়ে উঠেছে প্রেম রতন ধন পায়ো ছবির জন্য।

প্রেম রতন ধন পায়ো ছবির পরিচালক সুরজ বারজাতিয়া। সালমান খানের অভিনয়জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া কিছু ছবির পেছনে রয়েছেন এ ব্যক্তি। ম্যায়নে পেয়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌন, হাম সাথ সাথ হ্যায়—‘সিক্স প্যাক অ্যাব’ওয়ালা মারদাঙ্গা সালমানকে এই সুরজের ছবিগুলোতেই পাওয়া যেত একেবারে পাশের বাড়ির চেনা ছেলেটির মতো করে। কিন্তু হাম সাথ সাথ হ্যায় ছবির পর এই দুজনের সম্পর্কে ভাটা পড়লে সালমানকে আর সেভাবে ‘প্রেম’ময় চরিত্রে পাওয়া যায়নি। কালে কালে দাবাং, ওয়ান্টেড, এক থা টাইগার-এর মতো অ্যাকশনওয়ালা ছবিতেই বাঁধা পড়ে যেতে থাকেন তিনি।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সালমান বলেন, ‘সুরজের ছবিতে আমি সব সময় “প্রেম” নামেই অভিনয় করতাম। “প্রেম” মানেই ছিলাম আমি। যখন সুরজের সঙ্গে কাজের সুযোগ হয়ে উঠছিল না, তখন এই “প্রেম”কে আমি দারুণ মিস করতাম। শুধু “প্রেম” নামটির জন্যই আমি রেডি ছবিতে অভিনয় করেছিলাম।’
কিন্তু তাতেই কি মন ভরে গেছে সালমানের? না। সালমানের কাছে নাকি সুরজের ছবি মানেই অন্য মাত্রার কিছু একটা। রাজসিক ভাব, তারকায় ভরপুর, চোখধাঁধানো সেট আর সাজসজ্জা একেবারে চাকচিক্যে ভরা। সত্যিই তাই। এই তো যেমন কিছুদিন আগেই খবর ছড়াল, এই ছবিতে সোনম কাপুর যেমন একেবারে স্বর্ণালংকার দিয়ে আপাদমস্তক ঢাকা ছিলেন, তেমনটাই নাকি ঘটেছে সালমানের বেলায়। সালমানের জন্যও ডিজাইনাররা রাতদিন খেটে তৈরি করেছেন রাজসিক গলার হার, হাতের ব্রেসলেট, পাগড়িতে লাগানোর জন্য ব্রোচ। এমনকি ছবিতে সালমানকে দেখা যাবে স্বর্ণখচিত শেরওয়ানি পরতে।
এবার আসা যাক সোনমের দিকে। সোনমও কিন্তু এই ছবিতে নিজেকে বেশ আকর্ষণীয় রূপে উপস্থাপন করেছেন। ভারী পোশাক, সাজসজ্জা আর অলংকারের বাইরেও এই অভিনেত্রী ধারণ করেছেন নিজের ভেতর রাজকন্যাসুলভ ব্যক্তিত্ব। পরিচালক সুরজ বারজাতিয়া এক সংবাদ সম্মেলনে সোনমকে নিয়ে বলেন, ‘মৌসম ছবি দেখার পর থেকেই সোনমকে আমি আমার ছবির নায়িকা করব বলে ঠিক করেছি। আর রাঞ্ঝনা দেখার পর মনস্থির করে ফেলি যে, এই মেয়েই হবে আমার ছবির প্রিন্সেস ম্যায়থেলি। কারণ, রাজকন্যাসুলভ অভিব্যক্তি আমি শুধু সোনমের মধ্যেই খুঁজে পাই। বনেিদ ব্যক্তিত্ব পাশাপাশি আধুনিক দর্শন, সোনম ছাড়া হয়তো কেউই এভাবে এই চরিত্রকে ফুটিয়ে তুলতে পারত না।’
প্রেম রতন ধন পায়োর কথা বলতে গেলে সালমান আর সোনমের প্রসঙ্গ আসাটাই স্বাভাবিক। কিন্তু এর সঙ্গে দূরদূরান্তেও ঐশ্বরিয়ার নাম যুক্ত নেই। এরপরও ঘুরেফিরেই ছবির প্রচারণার সময়টায় বচ্চন-বধূর নাম এসেই যাচ্ছে। কারণ, ছবির অনেক দৃশ্যই নাকি বয়ান করছে নতুন করে পুরোনো ঘটনার। সঞ্জয় লীলা বানসালির হাম দিল দে চুকে সনম ছবিতে অ্যাশের লম্বা বেণি ধরে সালমানের হেঁটে চলার সেই দৃশ্য, কিংবা নীল রঙা লেহেঙ্গা পরা ঐশ্বরিয়ার সঙ্গে সাল্লুর ‘চান্দ ছুপা বাদাল ম্যায়’ গানের দৃশ্যটি—সবকিছুর সঙ্গেই সালমান-সোনমের প্রেম রতন ধন পায়ো ছবির অদ্ভুত মিল। তাহলে কি এত বছর পর এসে সালমানের মনে কড়া নাড়ছে হারিয়ে যাওয়া প্রেমের স্মৃতি, নাকি ‘পুরান চাল ভাতে বাড়ে’ প্রবাদটি মেনে পুরোনো প্রেমকে পুঁজি করতে চাইছেন ‘দাবাং’ খান?
টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস, ইন্ডিয়া ডটকম ও পিঙ্কভিলা অবলম্বনে