চেনা পরিসরে চেখভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমিতে গতকাল​ রাশিয়ার চেখভ স্টুডিওর আন্তন চেখভের নাটক গাংচিল অবলম্বনে চেখভ ও গাংচিল নাটকটি মঞ্চস্থ করে l ছবি: হাসান রাজা
শিল্পকলা একাডেমিতে গতকাল​ রাশিয়ার চেখভ স্টুডিওর আন্তন চেখভের নাটক গাংচিল অবলম্বনে চেখভ ও গাংচিল নাটকটি মঞ্চস্থ করে l ছবি: হাসান রাজা

রুশ নাট্যকার আন্তন চেখভের গাংচিল নাটকটির চতুর্থ অঙ্ক ছিল অন্য রকম। তৃতীয় অঙ্ক পর্যন্ত মূল নাটকই অভিনীত হয়। চতুর্থ অঙ্কে এসে ঘটে পরিবর্তন। রুশ নাট্য নির্দেশক ভ্লাদিমির বাইচার এখানেই দেখিয়েছেন তাঁর মুনশিয়ানা। গতকাল শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হলো তাঁর নির্দেশিত নাটক চেখভ ও গাংচিল। পরিবেশন করল রাশিয়ার চেখভ স্টুডিও।

তৃতীয় অঙ্কের পর কাহিনি শুরু হওয়ার কথা দুই বছর বিরতিতে। কিন্তু বাইচারের নাটকে কাহিনি এগিয়ে যায় ১২০ বছর। ঘটনাগুলো একই। কিন্তু তাতে দর্শকেরা চলে আসে চেখভ জাদুঘরের সামনে। এ যেন এক কৃত্রিম ভুবন। চরিত্রেরা তাদের স্মৃতি খুঁড়ে বের করে, একদা এখানেই চেখভ লিখেছিলেন গাংচিল নাটকটি।

তিন ঘণ্টাব্যাপী নাটকটি শুরুর আগে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়, শিল্পকলা একাডেমি ও রুশ দূতাবাসের এ আয়োজনে সহায়তা করে সংস্কৃতি মন্ত্রণালয়।

সন্ধ্যার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীন। বিশেষ অতিথি ছিলেন রুশ রাষ্ট্রদূত আলেক্সান্দর ইগনাতভ। সভাপতি ছিলেন সংস্কৃতিসচিব মো. ইব্রাহীম হোসেন খান।

রুশ নাট্য বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুষদের ডিল ভ্লাদিমির বাইচার তাঁর বক্তব্যে বলেন, ঢাকায় তিনি দ্বিতীয়বার এলেন। গতবার এসে তাঁর মনে হয়েছে, এখানে অনেক সত্যিকারের বন্ধু আছেন। দুই দেশের অবস্থান ও সংস্কৃতি অনেক দূরের হতে পারে, কিন্তু দুই দেশের প্রকৃত শিল্পের ভাষা এক। আয়োজনের উদ্বোধক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর স্মরণ করেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাশিয়ার অবদানের কথা।

অনুষ্ঠানের পরই শুরু হয় নাটক চেখভ ও গাংচিল। নাটকটি ডিজাইন করেছেন ভ্লাদিমির আনশন; প্রযোজক আলেক্সেই লিতভিনভ।

প্রথম অঙ্কটি হলো শিল্পকলার নন্দন মঞ্চে, দ্বিতীয় ও তৃতীয় অঙ্ক কফি কর্নার ও চতুর্থ অঙ্ক জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। দর্শক ও শিল্পীদের স্থানান্তরের জন্য মাঝে ১৫ মিনিট করে বিরতি।

শিল্পীদের অভিনয়, মঞ্চ-শব্দ পরিকল্পনা—সব মিলিয়ে অন্য রকম এক নাট্য পরিভ্রমণের স্বাদ দিলেন বাইচার। চেখভ এলেন চেনা পরিসরে। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলার পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে ভ্লাদিমির বাইচার নির্দেশিত আন্তন চেখভের কমেডি নাটক ভল্লুক।