চেনাই যায় না এগুলো বাংলাদেশের চ্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্নিশে ঝুলে থাকা প্রেম টেলিছবির দৃশ্যে অর্ষা
কার্নিশে ঝুলে থাকা প্রেম টেলিছবির দৃশ্যে অর্ষা

শুরুতেই একটি আক্ষেপের বিবরণ দিয়ে আমাদের এবারের টিভি সমালোচনা শুরু করব। বাংলাদেশের টিভি দর্শকদের জন্য সপ্তাহের তিনটি দিন বিশেষ মূল্যবান। বৃহস্পতিবার রাত থেকে শুক্র ও শনিবার রাত পর্যন্ত। টিভি চ্যানেলগুলোও এ তিনটি দিন বিশেষ অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা নেয়। রাত ৮টা থেকে ১০টা সময়কালকে টিভি চ্যানেলগুলো বলে থাকে ‘পিক আওয়ার’। ইদানীং বৃহস্পতিবার রাত থেকে এই পিক আওয়ারে যখনই রিমোট চেপে অনুষ্ঠান খুঁজতে থাকি, দেখি কোনো চ্যানেলে চলছে দিরিলিস, কোন চ্যানেলে শুরু হচ্ছে হাতিম,কোনোটায় সুলতান সুলেমান। সেখানে পাত্রপাত্রীরা কথা বলছে বাংলায় অথচ চেহারায় পারসিয়ান, তুর্কি। মুহূর্তে ধাঁধায় পড়ে যাই, এগুলো কোন দেশের চ্যানেল দেখছি, ইরানের, তুরস্কের না বাংলাদেশের? মাঝে মাঝে চেনাই যায় না এগুলো বাংলাদেশের চ্যানেল! অথচ আমাদেরও রয়েছে জগদ্বিখ্যাত ইতিহাস ও লোকসাহিত্যের বিশাল ভান্ডার। কিন্তু সেই ভান্ডারকে বর্তমান প্রজন্মের সামনে এবং বর্তমান পৃথিবীর সামনে তুলে ধরার উপযুক্ত পৃষ্ঠপোষক নেই।

এবারে আমাদের নিয়মিত আলোচনায় অগ্রসর হব। ৪ মে রাত ১১টায় কিঙ্কর আহসানের রচনা ও মাহমুদ দিদারের পরিচালনায় প্রচারিত হলো টেলিছবি কার্নিশে ঝুলে থাকা প্রেম। অর্ষা আর আরফান নিশোর কাছে আসার গল্প নিয়েই সৃষ্টি হয়েছে টেলিছবিটির গল্প। ব্যাচেলর একটি ছেলে ও একটি মেয়ে একই বাসায় ভাড়া থাকে পাশাপাশি দুই রুমে। দুজনের সম্পর্ক প্রথমে দেখানো হয়েছে সাপে-নেউলে। তারপর একে একে প্রতিবেশীদের অভিযোগ, বাড়িওয়ালার বিরক্তি এবং সবশেষে বাসা ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হলে তাদের শুরু হয় উল্টোযাত্রা। দুজন দুজনের প্রতি জাগে অনুরাগ, আকর্ষণ। মূল গল্প এটাই।

এককথায় বলা যায়, গল্পে অভিনবত্ব ছিল, কিন্তু চিত্রনাট্য ও পরিচালনার দুর্বলতার কারণে গল্পটি বাস্তবসম্মত হয়ে ওঠেনি। ব্যাচেলরের এভাবে বাসা ভাড়া পাওয়া, তা–ও আবার একটি ছেলে ও একটি মেয়ে একই বাসায় পাশাপাশি রুমে, বিষয়টি লেখক ও পরিচালক বাস্তবসম্মত করে তুলতে পারেননি। অভিনয়েও ছিল অতিনাটকীয়তার ছোঁয়া ও চিৎকার-চেঁচামেচি। যে কারণে পুরো ছবিটিই মনে হয়েছে কৃত্রিম, সাজানো।

এবার আমরা আলোচনা করব ‘সরাসরি’ প্রচারিত দুটি গানের অনুষ্ঠান। ৫ মে সকাল ৯টায় এনটিভিতে ‘ছুটির দিনের গান’ অনুষ্ঠানে গাইলেন শিল্পী ফরিদা পারভীন। শিল্পী ফরিদা পারভীনের একটানা অনেকগুলো গান শোনার সুযোগ হলো। আবার গানের পাশাপাশি উপস্থাপিকার প্রশ্নের উত্তরে তাঁর বর্তমান কর্মব্যস্ততা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও জানা গেল।

দেশ-বিদেশে বর্তমান প্রজন্মের কাছে লালনসংগীতকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে অন্যতম কৃতিত্বের দাবিদার ফরিদা পারভীন, সন্দেহ নেই। তাঁর পরিবেশনার বড় বৈশিষ্ট্যই হলো সুরে আবেগ ও দরদ। কিন্তু সেই আবেগ ও দরদকে তিনি এ অনুষ্ঠানে যেন অতিমাত্রায় নিয়ে গিয়েছেন। যে কারণে, তাঁর পরিবেশিত অধিকাংশ গানেই কান্নার আবহ সৃষ্টি করছিল। যেমন তাঁর কণ্ঠে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় একটি গান ‘খাঁচার ভেতর অচিন পাখি’ এ গানের বাণীতে তো কান্নার আবহ আসার কোনো অনুষঙ্গ নেই। ইতিপূর্বে তাঁর কণ্ঠে এ গানটি তেমন মনেও হয়নি, কিন্তু এদিন সরাসরি প্রচারিত অনুষ্ঠানে সুরের অতি কম্পনে ও কান্নার আবহে মনে হচ্ছিল গানটি যেন তার আবেদন হারিয়ে ফেলছে। আমরা জানি, শরবতে চিনি সুস্বাদু ও উপাদেয়, কিন্তু এক গ্লাস শরবতে আধা গ্লাস চিনি নিশ্চয়ই সে আবেদন রক্ষা করতে পারে না। কণ্ঠের মিষ্টতা এবং সহজ-সরল ও অকৃত্রিম পরিবেশনাই ফরিদা পারভীনের গানের সবচেয়ে বড় আকর্ষণ ও বড় আবেদন, আমরা চাই সেটি শেষদিন পর্যন্ত অটুট থাক।

একই দিন রাত ১১টায় বৈশাখী টিভিতে ‘সময় কাটুক গানে গানে’। স্বাগতার উপস্থাপনায় এ দিনের শিল্পী ছিলেন সাদী মহম্মদ ও অণিমা রায়। ২৫ বৈশাখ রবীন্দ্র জন্মবার্ষিকী সামনে রেখে পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছিল রবীন্দ্রসংগীত দিয়ে। দুই প্রজন্মের দুজন শিল্পীর কণ্ঠে আমরা একটানা অনেকগুলো রবীন্দ্রসংগীত শুনলাম। অণিমা রায়ের কণ্ঠে ‘আজি ঝর ঝর মুখর বাদর দিনে’ গানটি দুই সুরে ও দুই তালে পরিবেশনা আকর্ষণীয় ছিল। অণিমা রায়ের কণ্ঠ মিষ্টি ও সুরেলা কিন্তু উপস্থাপন কিছুটা কৃত্রিম। উনি নিজে সচেতনভাবে দেখলে হয়তো ভবিষ্যতে এ বিষয়ে সজাগ হতে পারবেন। দুজন বেশ কয়েকটি গান করেছেন দ্বৈত কণ্ঠে, যেমন ‘তুমি কেমন করে গান করো হে গুণী’। দ্বৈত পরিবেশনাগুলোর তাল মিলে মাঝে মাঝে একটু সমস্যা মনে হয়েছে। তবু উপভোগ্য হয়েছে।

সাদী মহম্মদ সম্পর্কে বলব, বাংলাদেশে রবীন্দ্রসংগীতচর্চায় তাঁর অনেক অবদান আছে। সেই অবদান ও ইমেজ শেষদিন পর্যন্ত অটুট থাক, এটাই আমাদের চাওয়া।

শেষে অনুষ্ঠানের উপস্থাপিকা স্বাগতা সম্পর্কে একটি কথা না বললেই নয়, একজন দর্শক না বুঝে ফোন করে রবীন্দ্রসংগীতের বাইরে একটি গানের অনুরোধ করে ফেলেছিলেন। উপস্থাপিকা তাঁকে যে ভাষায় ও যে ভঙ্গিতে পরিহার করেছেন, তা অত্যন্ত শ্রুতিকটু, দৃষ্টিকটু ও অপমানজনক মনে হয়েছে। গণমাধ্যমে এটি মোটেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি আশা করি চ্যানেল কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।