চেন্নাই ও বেঙ্গালুরু চলচ্চিত্র উত্সবে ‘ঘেটুপুত্র কমলা’
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও নন্দিত চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ ভারতের দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে যোগ দিচ্ছে। বাংলাদেশ থেকে উত্সব দুটিতে প্রতিনিধিত্ব করবেন প্রয়াত চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। আগামী ১৩ থেকে ২০ ডিসেম্বর ভারতের চেন্নাইতে অনুষ্ঠিতব্য দশম চেন্নাই ইন্টান্যাশনাল ফিল্ম ফেষ্টিভ্যালে সারাবিশ্বের মোট ৪৫টি দেশের ১৬০টি চলচ্চিত্র অংশ নিচ্ছে। উত্সবটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘ঘেটুপুত্র কমলা’। জানিয়েছে ঘেটুপুত্র কমলা ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।এ ছাড়া আগামী ২০ থেকে ২৭ ডিসেম্বর বেঙ্গালুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেষ্টিভ্যালেও অংশ নিচ্ছে ‘ঘেটুপুত্র কমলা’। উত্সবটিতে মোট ৪৫টি দেশের ১৭৫টি চলচ্চিত্রের মধ্যে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ‘ঘেটুপুত্র কমলা’র অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রের কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। অভিনয় করেছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, মাসুদ আখন্দ, তমালিকা কর্মকার, প্রাণ রায়, কুদ্দুস বয়াতি ও তাঁর দল, অনি, প্রান্তি, পুতুল, আব্দুল্লাহ রানা, রফিকুল ইসলাম, এহসান প্রমুখ। ‘ঘেটুপুত্র কমলা’র কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শিশুশিল্পী মামুন।