চেন্নাই থেকে ইমনের গান
‘একবার দেখে প্রেমে পড়ি/দুইবার দেখে মরি মরি/ইচ্ছে করে তোমায় নিয়ে প্রেমের প্রাসাদ গড়ি’—মায়ের জন্য পাগল ছবির এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। তিনি এখন ভারতের চেন্নাইতে এ আর রহমান মিউজিক কলেজ ফর ইনস্ট্রুমেন্টালিস্টস অ্যান্ড ভোকালিস্টসে সংগীতের ওপর পড়াশোনা করছেন। এবার সেখানকার স্টুডিও থেকে গানটির ট্র্যাক তৈরি করে পাঠিয়েছেন তিনি। রোববার গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিত্ ও কনকচাঁপা। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার দুপুরে কুমার বিশ্বজিত্ বললেন, ‘ইমনের সুরে এর আগেও আমি অনেক গান গেয়েছি। কিন্তু এবার ওর গানে কণ্ঠ দিতে গিয়ে একটু অবাকই হয়েছি। ও যে সংগীতের ওপর একটা ভালো জায়গায় পড়াশোনা করছে, এবারের গানে কণ্ঠ দিতে গিয়ে সেই প্রভাব খুব বুঝতে পেরেছি। ওর অন্যান্য গানের চেয়ে এটি একেবারেই আলাদা।’ছবিটি পরিচালনা করছেন আহমেদ নাসির। প্রযোজনা করছেন সোহেল রানা। ছবির এই গানে ঠোঁট মেলাবেন ইমন ও পূর্ণিমা।