চেন্নাইয়ে এ আর রহমানের অতিথি তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ আর রহমানের সঙ্গে দীপাঞ্জলি
এ আর রহমানের সঙ্গে দীপাঞ্জলি

দিনটির কথা দীপাঞ্জলি এখনো ভুলতে পারে না। ২০ অক্টোবর ২০১৫, সেদিন ম্যানহাটনের স্যামঅ্যাশ মিউজিক স্টোরে প্রথমবারের মতো তার এ আর রহমানের সঙ্গে মুখোমুখি দেখা। যোগাযোগের সূত্র ছিল নিউইয়র্কে তার এক বন্ধু। কয়েক বন্ধু মিলে তাদের একটি গানের দল রয়েছে, একটি সিডি প্রকাশেরও আয়োজন চলছে। দীপাঞ্জলিকে সে বলেছিল, ‘চল, তোর সঙ্গে এ আর রহমানের পরিচয় করিয়ে দেব।’
এ আর রহমান নিউইয়র্কে নতুন নন, অনেক বারই এই শহরে এসেছেন। স্যামঅ্যাশের এ দোকানটি তাঁর খুবই পছন্দের, জগৎসেরা মিউজিক ইনস্ট্রুমেন্ট এখানে মেলে। সেলসম্যানদের অনেকেই তাঁকে চেনেন। যতবার এসেছেন, বিস্তর আধুনিক যন্ত্রপাতি, ইলেকট্রনিকস কিনে নিয়ে গেছেন। ছোটখাটো মানুষ, অতি সাধারণ, ইনিই যে অস্কার পাওয়া সংগীতশিল্পী, না বলে দিলে বিশ্বাস করা কঠিন। গানের নানা যন্ত্রপাতি দেখতে দেখতেই দীপাঞ্জলিকে গান গাইতে বললেন।
রিয়া—দীপাঞ্জলির ডাক নাম—ছোটবেলা থেকেই গানের সঙ্গে মানুষ। বাবা দুলাল ভৌমিক নামজাদা লোকগীতি শিল্পী। সত্তরের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময় থেকেই পাদপ্রদীপের নিচে। ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয়ের সংগীত প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশ নিয়ে মোট চারটি শাখায় শ্রেষ্ঠ শিল্পীর সম্মান ছিনিয়ে নিয়েছিলেন। ১৯৮৭ থেকে তিনি নিউইয়র্কে, প্রবাসে এসেও তিনি গান ছাড়েননি। এখান থেকেই তাঁর লোকগীতির দুটি জনপ্রিয় সিডি বেরিয়েছে। ঘরে নিয়মিত গানের চর্চা করেন, মেয়েকেও গানে হাতেখড়ি তিনিই দিয়েছেন।
রিয়া অবশ্য সংগীত ও অভিনয়শিল্পের জন্য খ্যাত নিউইয়র্কের লা গুয়ার্ডিয়া হাইস্কুলের ছাত্রী, এখান থেকে সংগীতের ওপর ‘মেজর’ করে সম্মানের সঙ্গে স্কুল শেষ করেছে। কলেজে উঠেও পশ্চিমা সংগীতে প্রশিক্ষণ নিয়েছে। এরপর নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি থেকে মনস্তত্ত্ব নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছে। এ আর রহমানের সঙ্গে তার যখন পরিচয়, সে সময় রিয়া মনস্তত্ত্বে পিএইচডি করার প্রস্তুতি নিচ্ছিল।

তার সঙ্গে গান ছিল একদম শিশুকাল থেকে। বাবার কাছে নিয়মিত তালিম নেওয়া ছাড়াও শুদ্ধ সংগীতের বিখ্যাত শিল্পী ও শিক্ষক রামকানাই দাশের মেয়ে কাবেরী দাশের কাছ থেকেও বেশ কয়েক বছর ভারতীয় উচ্চাঙ্গসংগীতের তালিম নিয়েছে।

লা গুয়ার্ডিয়াতে পড়ার সময় থেকেই রিয়া পশ্চিমা সংগীতের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হয়। স্নাতক পর্যায়ে পড়ার সময়েও ইউরোপীয় সংগীত নিয়ে অধ্যয়নের সুযোগ ঘটে। চমৎকার গানের গলা ছিল, স্কুলের বিভিন্ন মিউজিক্যালে অংশ নিয়েছে। গান লেখা, গানে সুর দেওয়া, সেই স্কুল বয়স থেকেই সে করে আসছে। এ আর রহমান আগেই জেনেছিলেন রিয়া গিটার বাজিয়ে গান গায়। দেখা হতেই একখানা গিটার এগিয়ে দিয়ে বললেন, ‘একখানা গান গাও তো।’

স্বাভাবিকভাবেই ভয় ছিল, এত বড় শিল্পী, বিশ্বজুড়ে তাঁর খ্যাতি। কিন্তু দু-চার কথা বলার পরই ভয় কেটে গেল। কিছুটা দূরে বসে গানের বিভিন্ন যন্ত্রপাতি নাড়তে নাড়তে এ আর রহমান রিয়ার গান শুনলেন। প্রথম গান শেষ হলে আরও একটি গান গাইতে অনুরোধ করলেন। এরপর বেশ কিছু সময় খুচরো কথা বলে সময় কাটালেন, একসঙ্গে চা-ও খেলেন। যাওয়ার আগে বলে গেলেন, ‘তোমার জন্য একটা “অফার” আছে, তোমার বন্ধুর কাছ থেকে জেনে নিয়ো।’

এ আর রহমান ও তাঁর ছেলের সঙ্গে দীপাঞ্জলি
এ আর রহমান ও তাঁর ছেলের সঙ্গে দীপাঞ্জলি


এ আর রহমান তাঁকে যে অফারটি দিলেন, তা শুনে রিয়ার আক্কেল গুড়ুম! তিনি চান, রিয়া চেন্নাইয়ে তাঁর কনসারভেটরি’তে (বা গানের স্কুল) যোগ দিক। তাঁর দুই মেয়ে ও এক ছেলে আছে। তিনি স্কুলে কাজের পাশাপাশি তাঁর এই তিন ছেলেমেয়ের গান শেখানোর দায়িত্ব সে নিক। খুব বেশি টাকা বেতন দিতে পারবেন না, তবে থাকার জায়গা থাকবে, আহারের ব্যবস্থাও। সবচেয়ে বড় কথা, তাঁর স্টুডিওতে সব যন্ত্রীকে নিয়ে নিজের গান রেকর্ডের সুযোগ পাবে।
সেই প্রস্তাব পেয়ে হকচকিয়ে গিয়েছিল রিয়া। বাবার সঙ্গে কথা হলো। তিনিও কিছুটা দোমনা করলেন, কোথায় থাকবে, কীভাবে থাকা-খাওয়া চলবে, তা-ও তো নিশ্চিত নয়। এ নিয়ে এ আর রহমানের সঙ্গে তাঁর কথা হলো। এ আর রহমান তাঁকে আশ্বস্ত করলেন, ‘আমার তিনটি ছেলেমেয়ে আছে। ওদের সঙ্গে আরেকটি বোন হয়েই থাকবে রিয়া।’
কিছুটা ভীতি, কিছুটা অনিশ্চয়তা নিয়ে রিয়া চেন্নাই এসে পৌঁছায় এ বছর ফেব্রুয়ারি মাসে। সেখানে এ আর রহমানের বিশাল আয়োজন। তিন-তিনটি সর্বাধুনিক স্টুডিও, অসংখ্য দেশ-বিদেশের শিল্পীর সমাগম, সারাক্ষণই গানের মহড়া চলছে। পাশাপাশি রেকর্ডিং।
এর আর রহমানের দুই মেয়ে রহিমা ও খাদিজা এবং এক ছেলে আমিন, তাদের সঙ্গে রিয়ার বন্ধুত্ব হতে খুব বেশি সময় লাগেনি। বড়টি রহিমা, তাকে দিয়েই রিয়ার কাজ শুরু। অল্পদিন পরে বাকি দুজনও এসে যুক্ত হয়। গলার কাজ নিয়ে মহড়া তো ছিলই, সঙ্গে সঙ্গে গিটার বাজিয়ে গান তোলা। এ আর নিজে কখনো তার কাজে নাক গলাননি, তবে মেয়েদের কাছে খোঁজখবর নিয়েছেন নিয়িমত, দাঁড়িয়ে থেকে গানের তালিম নেওয়াও দেখেছেন। রিয়াকে মুখে অনেকবার ধন্যবাদ দিয়েছেন, সঙ্গে সঙ্গে নিজের গানের চর্চা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন।

দীপাঞ্জলি, য​াকে সবাই ডাকেন রিয়া নামে
দীপাঞ্জলি, য​াকে সবাই ডাকেন রিয়া নামে

রিয়ার সঙ্গে টেলিফোনে এ নিয়ে কথা হলো। চেন্নাইয়ে তখন প্রায় মধ্যরাত, মাত্র এক কনসার্টে গান পরিবেশন করে সে ফিরেছে। এক দিন পর মুম্বাই যেতে হবে, সেখানে এ আর রহমান তাঁর দলবল নিয়ে গান পরিবেশন করতে যাবেন, রিয়াকে সঙ্গে আসার নির্দেশ দিয়েছেন।
রিয়া বলল, গান শেখার ও গান গাওয়ার এমন সুযোগ সে পাবে, তা স্বপ্নেও ভাবেনি। এ আর রহমান শিক্ষক হিসেবে অসাধারণ, নিজের হাতে গানের খুঁটিনাটি দিক তিনি ধরিয়ে দেন। কিন্তু কোনো কিছু জোর করে চাপিয়ে দিতেও চান না তিনি। যে গান যেভাবে গাইতে রিয়া স্বাচ্ছন্দ্য বোধ করে, তিনি চান রিয়া সেভাবেই গান পরিবেশন করুক। রিয়া যে নিজে গান লিখতে ও তাতে সুর দিতে পারে, সে গুণটি তাঁকে খুব চমৎকৃত করেছে। রিয়াকে বলেছেন, ‘আমি গানে সুর দিতে পারি, গান পরিচালনা করতে পারি, গান গাইতেও পারি। কিন্তু গান লেখার কাজটি তো আমার আসে না।’
এ আর রহমানের উৎসাহে রিয়া ইতিমধ্যে বেশ কয়েকটি কনসার্টে অংশ নিয়েছে। ভারতের বিভিন্ন প্রদেশে নিজের দল নিয়ে গান গেয়ে আসেন, সঙ্গে রিয়াকেও কয়েকবার নিয়ে গেছেন। শুধু দলের সঙ্গে নয়, একাও বেশ কয়েকটি অনুষ্ঠানে গান গেয়েছে। বলিউডের উঠতি শিল্পী জনিতা গান্ধীর সঙ্গে জুটি বেঁধেও বেশ কিছু গান করেছে সে। এখন কাজ চলছে তার প্রথম সিডি প্রকাশের। এ আর সেই সিডির সংগীত পরিচালক নন, কিন্তু হরহামেশাই খোঁজ নেন কাজ কেমন চলছে। তিনি কথা দিয়েছেন, সময় এলে তিনি রিয়ার গানের সিডির সহ-প্রযোজনা করবেন।
কবে সে সিডি বের হবে, সে ভাবনা আপাতত সরিয়ে রেখেছে রিয়া। এ আর রহমানের কাছে গান শেখার সুযোগ পেয়েছে, সেটার সদ্ব্যবহার করতে চায় সে।
রিয়া বলল, ‘আমি যেন এক স্বপ্নের মধ্যে বাস করছি। এই স্বপ্ন এখনই ভেঙে যাক, আমি তা চাই না।’