চোখ ভেজানো আবেগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা আন্দ্রেয়া ফিনলের সঙ্গে টেলর সুইফট
মা আন্দ্রেয়া ফিনলের সঙ্গে টেলর সুইফট

ছবিটা এদিন একেবারেই উল্টো রকম!
সাধারণত কী হয়। খুব গুরুত্বপূর্ণ পুরস্কারের ক্ষেত্রে পুরস্কার ঘোষণার জন্য বিশেষ একজন অতিথি মঞ্চে আসেন। কিছুটা নাটকীয়তা করার চেষ্টা করেন। ‘অ্যাকাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ড’-এ ছবিটা উল্টে গেল। যিনি পুরস্কার দিতে এলেন, তাঁর চোখেই জল!
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসে দেওয়া হয় এই পুরস্কার। এবার ছিল পুরস্কারটির ৫০তম বছর। তাই বিশেষভাবে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। দেওয়া হয়েছে বিশেষ পুরস্কার—মাইলস্টোন অ্যাওয়ার্ড। এটি পেয়েছেন টেলর সুইফট। আর এদিন তাঁর হাতে পুরস্কার তুলে দিতে কোনো সংগীত কিংবদন্তি নয়, বেছে নেওয়া হয়েছিল তাঁর মা আন্দ্রেয়া ফিনলেকে। মাত্র এক সপ্তাহ আগে জানা গেছে, ফিনলে ক্যানসারে আক্রান্ত!
মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ফিনলে একটি ছোট্ট কিন্তু আবেগময় বক্তব্য দিয়েছেন। সুইফটের নাম ঘোষণার আগে কাঁপা কাঁপা গলায় বলেছেন, ‘প্রশান্তি, গর্ব আর আনন্দ নিয়ে আমি আমার মেয়ে টেলর সুইফটকে আপনাদের সামনে ডাকছি।’
ধূসর রঙের গাউন পরে সুইফট দর্শক সারি থেকে উঠে এসে মায়ের হাত থেকে পুরস্কার নেন। দুজন দুজনকে আবেগে জড়িয়ে ধরেন। সব দর্শক উঠে দাঁড়িয়ে করতালির বৃষ্টিতে ভেজান। মায়ের চোখে তখন জল।
ফিনলের বক্তব্য আবেগে ভিজিয়েছে সবাইকে। ফিনলে বলেছেন, ‘আমি এই মাইলস্টোন শিল্পীটাকে অনেক দিন থেকে চিনি, যখন যে ছিল সোনারঙা চুলের ছোট্ট একটা মেয়ে, যে আমাদের খামারবাড়িতে বেড়ে উঠছে কল্পনা আর সৃষ্টিশীলতাকে সঙ্গী করে। তখন থেকেই এই পৃথিবীতে তাঁর একটাই কাজ ছিল সবচেয়ে প্রিয়, একটা গান লেখা, সেই গানে একটা গল্প বলা, গিটার কিংবা পিয়ানো বাজানো। জীবনের সব আবেগ, সব অভিজ্ঞতা, সেটা ভালোই হোক কিংবা তিক্ত, সেটা তিনি বয়ে নিয়ে চলেছেন।’
মায়ের কাছে সুইফট যেন ছিলেন র্যাপানজেল, রূপকথার সোনালি লম্বা চুলের মেয়েটি। যে অধীর আগ্রহে অপেক্ষা করেন একজন রাজপুত্রের। সেই রাজপুত্রের গল্প সুইফট লিখেছেন তাঁর ‘লাভ স্টোরি’ গানে। এই গান ১৭ বছর বয়সে লিখেছিলেন সুইফট। ফিনলে স্বীকার করেছেন, সেদিন এ ধরনের গান লেখাটা মেনে নিতে পারেননি তিনি আর তাঁর স্বামী। বকেই দিয়েছিলেন মেয়েকে। আর অভিমানী মেয়েটা নিজের ঘরে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করেছিলেন।
ফিনলের ক্যানসারের আসল অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে কথায় ইঙ্গিত মিলেছে, তিনি যদি না-ও থাকেন, তাঁর মেয়েকে যেন সবাই ভালোবাসে, যেমনটা তিনি নিজে ভালোবেসেছেন, বাসবেন মৃত্যুর আগ পর্যন্ত। যদি সম্ভব হয় ফিনলে মেয়েকে ভালোবেসে যাবেন মৃত্যুর পরও!
নিউজিল্যান্ড হেরাল্ড অবলম্বনে