ঈদ এসেই গেল। ঈদ মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। আর বাড়ি মানেই তো শৈশব, কৈশোর, মা-বাবা, ভাইবোনের সেই পারিবারিক বন্ধনে নিজেকে জড়িয়ে রাখা। এটা আসলে এমনি এক আশ্রয়, যেখানে ভালোবাসার বন্ধন ও মমত্ব সীমারেখাহীন। পরিবার, মা-বাবার প্রতি শ্রদ্ধা-ভালোবাসা, সন্তানদের প্রতি মা-বাবার ভালোবাসার গল্প মেশানো হলিউড ও বলিউডের তেমন কিছু ছবি নিয়ে এই আয়োজন। ঈদে পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারেন এই ছবিগুলো

লাইফ ইজ বিউটিফুল
১৯৩৯ সাল। ইতালিয়ান ইহুদি গুইদো আরেজ্জো শহরে আসে। উদ্দেশ্য বইয়ের দোকান খোলা। এর মধ্যে সে চাচার রেস্তোরাঁয় ওয়েটারের চাকরি নেয়। হুট করে দেখা হয়ে যায় স্কুলশিক্ষিকা ডোরার সঙ্গে, তার চেয়েও হুট করে হয়ে যায় তাদের প্রেম। অথচ ডোরা তখন অন্য কারও বাগদত্তা। ডোরা ধনাঢ্য পরিবারের আর গুইদোর চালচুলো কিছুই নেই। জন্ম নেয় ফুটফুটে ছেলে জোসুয়ে।
জোসুয়ের পঞ্চম জন্মদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালো ছায়ায় ঢেকে যায় গোটা ইউরোপ। সবার আশ্রয় হয় কনসেনট্রেশন ক্যাম্পে। যুদ্ধের ভয়াবহতা থেকে ছোট্ট জোসুয়েকে বাঁচাতে বাবা গুইদো আশ্রয় নেয় চাতুরির। ছেলেকে বলে, তারা সবাই আসলে একটা খেলা খেলছে। এ খেলায় সবার আগে যে এক হাজার পয়েন্ট পাবে, তারা জিতবে সত্যিকারের এক ট্যাংক। ছেলেও বাবার কথা সত্যি ধরে নিয়ে খেলতে থাকে। ছবির একেবারে শেষ দিকে মিত্রবাহিনীর ট্যাংক ঢুকে পড়ে ক্যাম্পে। আর সেই ট্যাংক দেখে জোসুয়ে চিৎকার করে বলে ওঠে, ‘আমরা জিতেছি!’
রবার্তো বেনিনির এই ছবি দেখে হাসতে হাসতে কাঁদেনি, কাঁদতে কাঁদতে হাসেনি—এমন মানুষ পৃথিবীতে নেই।

ক্র্যামার ভার্সেস ক্র্যামার
টেড ক্র্যামারের কাছে পরিবারের আগেও গুরুত্ব পায় তার কাজ। সে মনে করে, পরিবারের রুটি-রুজি জোগানোই তার প্রথম দায়িত্ব। কেবল ঘরকন্না আর সাড়ে পাঁচ বছর বয়সী ছেলে বিলির দেখভাল করতে করতে বিরক্ত টেডের স্ত্রী জোয়ানা। কিন্তু টেড চায় না জোয়ানা ঘরের বাইরে গিয়ে কাজ করুক। বন্ধু মার্গারেটের বুদ্ধি শুনে স্বামী ও সন্তানকে ছেড়ে চলে যায় জোয়ানা। টেড ভাবে, এই সাময়িক অভিমান কেটে গেলে দু-এক দিনের মধ্যেই ফিরবে তার স্ত্রী। কিন্তু বাস্তবে তেমনটা না ঘটলে কখনোই সন্তানের লালন-পালন না করা টেডের নতুন যুদ্ধ শুরু হয়ে যায়। বাবা ও ছেলের সংসার শুরু হয়। শুরুর দিকে একটু বেখাপ্পা থাকলেও দারুণ এক সম্পর্ক জমে ওঠে। এমন সময় ১৫ মাস পর দৃশ্যপটে আবার জোয়ানা। এবার সে ফেরত চায় নিজের সন্তানকে।

ফাইন্ডিং নেমো
বাকি সব সন্তানকে হারিয়েছে মারলিন। টিকে আছে কেবল একটাই সন্তান—নেমো। নেমোকে তাই কিছুতেই চোখের আড়াল হতে দিতে চায় না মারলিন। আবার বাবার বাড়াবাড়ি রকমের আগলে রাখা, অতি সতর্কতায় তিতিবিরক্ত নেমো। সেও তো বড় হয়েছে। সেও তো চায় একটু স্বাধীনতা। কিন্তু আবার আশঙ্কাই সত্যি হয়। ক্লাউন ফিশ নেমোকে ধরে নিয়ে যায় একটা দো-পেয়ে দৈত্য-মানুষ। শুরু হয় প্রিয় সন্তানকে খুঁজে বের করার এক বাবার ব্যাকুল অভিযান। অবশেষে তাকে খুঁজে পায় সিডনিতে এক দন্তচিকিৎসকের অ্যাকুরিয়ামে। আর এই যাত্রাপথে মারলিনের সঙ্গে পরিচয় হয় শর্ট টার্ম স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত ডরির, আরও অনেকের। অ্যান্ড্রু স্ট্যানটোনের ফাইন্ডিং নেমো সর্বকালের পঞ্চম সর্বোচ্চ আয় করা অ্যানিমেশন ছবি।

পারসুইট অব হ্যাপিনেস
১৯৮১, সান ফ্রান্সিসকো। ক্রিস গার্ডনার কখনোই বিক্রি হবে না এমন এক যন্ত্র বিক্রি করার আপ্রাণ চেষ্টায় পথে-ঘাটে ঘোরে। হাড়ের ঘনত্ব স্ক্যান করার যন্ত্র, এক্স-রে যন্ত্রের তুলনায় যার দাম দ্বিগুণ! যাও বা একজন আগ্রহী পাওয়া যায়, সেই যন্ত্র ট্রায়াল দিতে গিয়েই নষ্ট! এদিকে পরিবারের ব্যয়ভার একাই টানতে, দ্বিগুণ ওভারটাইম করতে করতে গার্ডনারের স্ত্রী বিরক্ত, ক্লান্ত, হতাশ। এরপর যা হওয়ার, তা-ই হয়। সম্পর্কটাই ভেঙে যায়। সন্তানকে নিয়ে শুরু হয় স্ত্রী এবং কানাকড়িবিহীন গার্ডনারের এক অবিশ্বাস্য লড়াই। একসময় আশ্রয় নিতে হয় পথেও। কিন্তু সন্তানকে আগলে রাখতে ভোলে না এক মুহূর্তও। পথের ভিখিরি থেকে সন্তানের জন্য লড়াই করতে করতে গার্ডনার কীভাবে সৎপথেই উপার্জন করে হয়ে ওঠে কোটিপতি—সেই অবিশ্বাস্য, চোখ ভেজানো গল্প নিয়ে এই ছবি।

আই অ্যাম স্যাম
স্যাম ডসন পূর্ণবয়স্ক এক ব্যক্তি। কিন্তু তার মানসিক বয়স সাত বছরের। এক গৃহহীন নারী জন্ম দেয় স্যামের মেয়ের। কিন্তু জন্মের সঙ্গে সঙ্গেই সেই নারীটি সদ্যোজাত মেয়েকে ছেড়ে চলে যায় অজানা ঠিকানায়। বুদ্ধির দিক দিয়ে মাত্র সাত বছরের এক বালকের মতো স্যাম এরপর নিজেই মানুষ করতে থাকে মেয়ে লুসি ডায়মন্ডকে, যার নাম সে রেখেছিল বিটলসের একটি গানের অনুপ্রেরণায়। সমস্যা বাধে লুসির বয়স যখন হয়ে যায় সাত। একজন সাত বছর বয়সী কীভাবে একজন সাত বছর বয়সীকে মানুষ করবে? আইনের চোখে বাবা হিসেবে স্যাম অযোগ্য। রাষ্ট্র দায়িত্ব নিয়ে নেয় লুসির। কিন্তু কিছুতেই মেয়েকে হাতছাড়া করতে রাজি নয় স্যাম। শুরু হয় স্যাম বনাম রাষ্ট্রের আইনি লড়াই।
আইএমডিবি অবলম্বনে