
প্রায় একই ধরনের ছবি পত্রিকার পাতা অথবা টিভির পর্দায় এখন দেখা যাচ্ছে প্রায় প্রতিদিন। কিন্তু প্রদর্শনীকক্ষের ছবিগুলো যেন আরও গভীরভাবে স্পর্শ করে দর্শকের মন। চোখ ভেসে যায় জলে। দৃক গ্যালারির দ্বিতীয় তলার ঘরটিতে গাজায় চালানো ইসরায়েলি ধ্বংসযজ্ঞ নিয়েই এ প্রদর্শনী। একটি ছবিতে একজন বাবা তাঁর ছোট্ট শিশুর কপালে চুমু খাচ্ছেন, যে শিশুটি একটু আগেই হয়তো বিদায় নিয়েছে পৃথিবী থেকে। কাচের দরজা পেরিয়ে ঢুকে সোজা অস্থায়ী দেয়ালে দেখা গেল বিশাল একটি ছবি। যেখানে হাসপাতালের বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদছে এক শিশু। বোমার আঘাতের চিহ্ন বহন করছে ছোট্ট শিশুর তুলতুলে শরীর। তার আর্তনাদ যেন গুমরে ফিরছিল সুপরিসর কক্ষটির চারপাশে।
ভূমধ্যসাগরের ওপারের শহর গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত অসহায় মানুষের সাহায্যার্থে তিন দিনের ‘আপিল ফর গাজা’ শীর্ষক বিশেষ কর্মসূচির আয়োজন করেছে দৃক। এ কর্মসূচির আওতায় গতকাল সোমবার সন্ধ্যায় শুরু হয়েছে প্রদর্শনী। যেখানে রয়েছে দেশের নবীন-প্রবীণ শিল্পীদের চিত্রকর্ম, আলোকচিত্র এবং গাজার পক্ষে স্লোগানসংবলিত নানা সামগ্রী।
‘প্রাণে প্রাণ মেলাবই বলে রাখি’—গণসংগীতশিল্পী কফিল আহমেদের গাওয়া এই গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে এ শিল্পী শোনান আরও একটি গান। বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
তিন দিনের এ আয়োজনে শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, আবদুস শাকুর শাহ, মনিরুল ইসলাম, শহিদ কবির, স্বপন চৌধুরী, শিশির ভট্টাচার্য্য, কনকচাঁপা চাকমা প্রমুখ চিত্রকর্ম এবং নাসির আলী মামুন, আবীর আবদুল্লাহ, মনিরুল আলম প্রমুখ তাঁদের আলোকচিত্র দিয়ে একাত্মতা প্রকাশ করেছেন।