চোখজুড়ানো ইকেবানা প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় গতকাল শুরু হয়েছে ইকেবানা উৎ​সব। ভিন্নধর্মী এই প্রদর্শনী মন জুড়িয়েছে দর্শনার্থীদের l ছবি: প্রথম আলো
​শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় গতকাল শুরু হয়েছে ইকেবানা উৎ​সব। ভিন্নধর্মী এই প্রদর্শনী মন জুড়িয়েছে দর্শনার্থীদের l ছবি: প্রথম আলো

ভালোবাসার জন্য হাতের মুঠোয় ফুল, প্রিয়র মন রাঙাতে খোঁপায় ফুল, মনের গহিনে লুকানো ছোট ছোট কথা জানাতেও ফুল। আর ফুলের ডালপালা দূর্বাঘাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সঙ্গে রেখে পদ্ধতিগতভাবে তৈরি হয় মন হরণ করা এক শিল্প—‘ইকেবানা’। জাপানের ঐতিহ্যবাহী পুষ্পবিন্যাসের এ ধারা বাংলাদেশে চার দশক ধরে চর্চা হচ্ছে। এ উপলক্ষে জাতীয় চিত্রশালা গ্যালারিতে গতকাল শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইকেবানা উৎসব’।
কঠোর শ্রম আর নান্দনিকতার উৎকর্ষের পরিচয় বহনকারী এই উৎসবে অংশ নিচ্ছেন ১৫ জন নারী উদ্যোক্তা। যাঁদের ধ্যান-জ্ঞান হচ্ছে ফুলের সৌন্দর্য বৃদ্ধি করা। ছোট্ট ফুলদানি থেকে শুরু করে বিশাল কাঠের গুঁড়ি দিয়ে কীভাবে ফুলের সৌন্দর্য বাড়ানো যায় আর তা কতটা নান্দনিক হতে পারে, তারই এক বাস্তব উদাহরণ হচ্ছে এই প্রদর্শনী। কাচের পাত্রে রাখা পানিতে ভাসছে ফুলগাছ। এর কোনোটা থেকে ফুল বের হয়েছে, আবার কোনোটা সম্পূর্ণ লতাপাতায় জড়ানো।
প্রথমবারের মতো এই উৎসবের আয়োজক বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন (বিআইএ)। সহযোগিতায় জেইউএএবি ও জাপান দূতাবাস। একাডেমির জাতীয় চিত্রশালার ছোট্ট মিলনায়তনে ছিল এই উৎসবের আনুষ্ঠানিকতা। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। উৎসবের আয়োজক বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুন্নাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, অধ্যাপক মনোয়ারা ইসলাম প্রমুখ।
ফুলের তৈরি শিল্পকর্ম ছাড়াও এখানে আলোকচিত্র প্রদর্শন করা হচ্ছে। দুই দিনের এই উৎসব শেষ হবে আজ সোমবার। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই উৎসব খোলা থাকবে সর্বসাধারণের জন্য।