
হিমেল আশরাফের সুলতানা বিবিয়ানা ছবির শুটিংয়ের ঘটনা। শুটিং হচ্ছিল রাজবাড়ী ফরিদপুরের গ্রামীণ লোকেশনে। দৃশ্যটি ছিল এমন, বাপ্পী আমার গরুর বাছুর চুরি করে। এ কারণে ওকে থাপ্পড় মারব। পরে জানতে পারি, সে না, অন্য আরেকজন চুরি করেছে। বিষয়টি জানার পরে আমার কান্না আসবে। কিন্তু শট নেওয়ার সময় ওই কান্না আর আসে না। যখনই দৃশ্যটি ধারণ শুরু হয়, চোখে আর পানি আসে না। এভাবে কান্না না আসার কারণে প্রায় ৩০ বার এনজি হয়েছিল শটটি।
আরেকটি এনজি শটের ঘটনা মনে আছে জটিল প্রেম ছবির শুটিংয়ে। এই ছবিতেও আমার নায়ক বাপ্পী। উত্তরার একটি লোকেশনে শুটিং হচ্ছিল। বাপ্পী বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আমি গিয়ে বাপ্পীকে বলি, আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও। কিন্তু বাপ্পী আমাকে একটা ধমক দিয়ে বেরিয়ে যায়। তখন আমি কেঁদে ফেলি। ওই সময় ঝড় ওঠে। ফুল স্পিডে ফ্যানের বাতাস আমার মুখের দিকে লাগিয়ে সেই ঝড় বোঝানো হয়। কিন্তু যতবার চোখে পানি আসে, ফ্যানের বাতাসে চোখের পানি শুকিয়ে যাচ্ছিল। ফ্যান বন্ধ করে আবার চোখে পানি আনি, ফ্যান ছাড়লে বাতাসে তা শুকিয়ে যায়। ফ্যান আর বাতাসের কারণে দৃশ্যটি অনেকবারই এনজি হয়েছিল।
অনুলিখন: শফিক আল মামুন