চোখের পলক পড়েছে তো?

অভিনয়শিল্পী বাঁধন সে সময় ষষ্ঠ শ্রেণিতে পড়তেন। রিয়াজ তখন ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত নায়ক। একের পর এক সব জনপ্রিয় ছবি উপহার দিয়ে চলেছেন। রিয়াজ অভিনীত প্রাণের চেয়ে প্রিয় ছবিটি মুক্তি পায়। এই ছবির ‘পড়ে না চোখের পলক’ গানটি দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। এই গানের জন্য রিয়াজ আরও প্রিয় হয়ে ওঠেন বাঁধনের। কিন্তু তখনো ভাবনায় ছিল না কোনো দিন প্রিয় নায়ক রিয়াজের সঙ্গে অভিনয় করা হবে তাঁর! সম্প্রতি তা-ই ঘটেছে। রিয়াজের সঙ্গে অভিনয় করলেন বাঁধন। একটি খণ্ড নাটকে রিয়াজের বিপরীতে অভিনয় করলেন তিনি। নাম আইসক্রিম ও অনুভূতি। পরিচালনা করেছেন কায়সার আহমেদ।
বাঁধন বললেন, ‘আমার সঙ্গে একই স্কুলে পড়ত রিয়াজ ভাইয়ের ভাগনি চন্দন। সে আমার ঘনিষ্ঠ বান্ধবী। আমাদের দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল। রিয়াজ ভাই যে আমার প্রিয় নায়ক, সেটা চন্দনও জানত। তাঁর সঙ্গে অভিনয় করব, এটা তো কল্পনাতীত! অবশেষে সুযোগটি পেয়ে গেলাম। একসঙ্গে কাজটি করতে পেরে আমি অনেক বেশি খুশি।’
২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পরপরই চলচ্চিত্রে রিয়াজের সঙ্গে কাজের সুযোগ হয়েছিল বাঁধনের। কিন্তু সে সময় বাঁধনের মেডিকেল দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পর্বের পরীক্ষা থাকায় একসঙ্গে কাজ করা হয়নি। মাঝে ২০০৬ সালে একবার রিয়াজের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছিলেন বাঁধন। সে বছর দুবাইয়ে অনুষ্ঠিত লাক্স-চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ডে রিয়াজের সঙ্গে একটি পরিবেশনায় অংশ নেন তিনি। তখন প্রিয় নায়ককে কাছ থেকে দেখে আরও বেশি ভক্ত হয়ে যান। বাঁধন বলেন, ‘সে সময় মহড়ার ফাঁকে কথা হতো তাঁর সঙ্গে। তাঁর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। বুঝতে পারলাম আমার পছন্দের নায়ক মানুষ হিসেবেও অসাধারণ। এবার তো একসঙ্গে নাটকে অভিনয় করছি। প্রিয় নায়ককে আরও ভালোভাবে আবিষ্কার করতে পেরেছি।’