
নিকোল কিডম্যান কি এই পথ দিয়ে আসবেন? বিশালদেহী ফরাসি নিরাপত্তারক্ষী হাসলেন।
‘আমার মনে হয়।’ মনে হচ্ছে আমারও। ঝাঁকে ঝাঁকে আলোকচিত্রী আর ক্যামেরাম্যান ঘিরে আছেন প্যালেস দে ফেস্টিভ্যালের এই করিডরটা। খানিক পর এখানেই উৎসবের উদ্বোধনী ছবি গ্রেস অব মোনাকোর সংবাদ সম্মেলন। ঢুকলে তো এই পথেই আসার কথা হলিউড নন্দিনীর।
সনি সাইবার শট ক্যামেরা তাক করে রাখতে রাখতে হাত ব্যথা হয়ে যাচ্ছে৷ এর মধ্যে কেউ একজন হঠাৎ চিৎকার করলেন, ‘হ্যালো নিকোল’। ঝট করে সামনে তাকিয়ে দেখি, সত্যিই নিকোল কিডম্যান স্বয়ং! পরনে সাদা গাউন। ঠোঁটে ঝলমলে লাল লিপস্টিক, পোশাকের সঙ্গে মানানসই সাদা হিল। িভড়ের মাঝে কাকে যেন বললেন, ‘ইউ আর লুকিং নাইস।’ তারপর কিছু বুঝে ওঠার আগেই ত্বরিত ঢুকে গেলেন ভেতরে। পুরো সময়টা হয়তো দুই মিনিটের বেশি নয়। এর মধ্যে তাঁকে দেখব নাকি ছবি তুলব? ধাক্কাধাক্কির মধ্যে ছবিটা কি উঠেছে? নাহ! যা উঠেছে একেবারে মন্দ নয়! নিকোল ততক্ষণে মঞ্চে পৌঁছে গেছেন। সংবাদ সম্মেলন মঞ্চেও হাজির ছবির পরিচালক অলিভিয়ার দাহান, অভিনেতা টিম রথ এবং ছবির অন্যতম প্রযোজক যশরাজ ফিল্মসের উদয় চোপড়া।
১৩ মে, ২০১৪। উড়োজাহাজটা গোত্তা খেয়ে মেঘের আড়াল থেকে বেরিয়ে আসতেই চোখের সামনে অবিশ্বাস্য সুন্দর! শেষ বিকেলের আলো কী দারুণ ঝিলিক দিচ্ছে দূর পাহাড়ের গায়ে। সবুজ পাহাড়ের ওপরে ঝুলে আছে মেঘমালা। িনচে সুনীল জলরাশি। সাগরের তীর ঘেঁষে নোঙর করেছে সারি সারি ইয়ট। প্রকৃতি আর মানুষের তৈরি ঐশ্বর্য মিলিয়ে সুবিখ্যাত ফরাসি সমুদ্র উপকূল আদতেই তুলনাহীন। শহরটার নাম যে নাইস (স্থানীয় লোকজন বলে নিস) সেটা সত্যিই, এমনি এমনি নয়।
এ শ্বাসরুদ্ধকর সৌন্দর্য দেখে আনমনা হয়েই সম্ভবত টার্কিশ এয়ারলাইনসের পাইলট িকছু একটা গুবলেট করে ফেললেন। বিমানের ল্যান্ডিংটা হলো খুব খারাপ ধরনের। আরেকটু হলেই রানওয়ে থেকে চাকা পিছলে যাচ্ছিল আরকি!
যা হোক, ইমিগ্রেশন পার হতেই কান চলচ্চিত্র উৎসবের প্রথম ছোঁয়া। সাংবাদিকদের ঠিকঠাক পথ দেখাতেই হাসিমুখে হাজির স্বর্ণকেিশনী অভ্যর্থনাকারী। বাইরে উৎসবের বিশেষ বাস তৈরি। কান যে সত্যিই একটা বিশ্ব উৎসব, সেটা বলে দিচ্ছে বাসের সাংবাদিকদের বহুজাতিকতা। নাইস থেকে ৫০ মিনিটের রাস্তা। কান উৎসবের প্রাণকেন্দ্র প্যালেস দে ফেস্টিভ্যালের কাছে নামতেই স্বাগত জানালেন নিকোল কিডম্যান। মানে তাঁর অভিনীত ছবি গ্রেস অব মোানাকোর চলমান পোস্টার।
কান চলচ্চিত্র উৎসব নামের বিশ্ব সিনেমার যে মহা আয়োজন, তার শুরুর দিনের সবটুকু আলো মূলত অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এই হলিউড অভিনেত্রীকে ঘিরেই। উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে হলিউড অভিনেত্রী গ্রেস কেলির জীবন নিয়ে তৈরি এ ছবি প্রদর্শনীর মধ্য দিয়েই গতকাল ১৪ মে পর্দা উঠেছে ৬৭তম কান চলচ্চিত্র উৎসবের।
এবার কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে উৎসবের সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণ পাম বা পাম দরের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে নানা দেশের ১৯টি ছবি। এর মধ্যে আছে মাইক লেই পরিচালিত মিস্টার টার্নার (ইংল্যান্ড), জঁ লক গদার পরিচালিত গুড বাই টু ল্যাঙ্গুয়েজ (ফ্রান্স), অ্যাটম ইগোয়ান পরিচালিত দ্য ক্যাপটিভ (কানাডা), জঁ পিয়ের এবং লুক দারদেন পরিচালিত টু ডেজ ওয়ান নাইট (বেলজিয়াম, ফ্রান্স, ইতালি), বেনেট মিলারের ফক্স ক্যাচার (যুক্তরাষ্ট্র)।
মূল প্রতিযোগিতার বাইরেও নানা বিভাগে প্রদর্শিত হচ্ছে সারা বিশ্বের বহু চলচ্চিত্র। ১২ দিনব্যাপী এ উৎসব শেষ হবে ২৫ মে, উৎসবের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার পাম দর ঘোষণার মধ্য দিয়ে।