চৌষট্টি জেলায় একযোগে চুরাশিটি ছবি

তরুণ নির্মাতাদের বানানো স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৬’। উৎসবে চৌষট্টি জেলার শিল্পকলা একাডেমিতে একযোগে দেখানো হবে ৮৪টি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র। আজ বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আগামী রোববার সন্ধ্যা ছয়টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বেশ কয়েকজন চলচ্চিত্র নির্মাতাসহ সেদিন উপস্থিত থাকবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
বিগত বছরগুলোতে দেশে বেশ কিছু মানসম্পন্ন স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। এ ছবিগুলো নিয়ে তরুণদের মধ্যে আগ্রহ তৈরি ও চলচ্চিত্রশিল্পের বিকাশ ও প্রসারের উদ্দেশ্যে উৎসবটির আয়োজন করা হয়েছে বলে জানানো হয়। উৎসবের মাধ্যমে চলচ্চিত্রের দর্শকদের শিল্পসম্মত চলচ্চিত্র দেখার, উপভোগ ও অনুধাবন, ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনা ও সমালোচনার মাধ্যমে তাঁদের ভেতর সৃজনশীল মানবিক মূল্যবোধ তৈরি হবে বলে আশা করেছেন আয়োজকেরা।
উৎসবের শেষ দিন শনিবার শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ নির্মাতা ও বিশেষ জুরি বিভাগে দেওয়া হবে পুরস্কার। পাঁচ সদস্যের একটি জুরি কমিটির মাধ্যমে উৎসবে অংশ নেওয়া শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য এক লাখ করে দুজনকে ও দুজন শ্রেষ্ঠ নির্মাতাকে ৫০ হাজার করে টাকা দেওয়া হবে। এ ছাড়া সব অংশগ্রহণকারীর জন্য থাকবে ক্রেস্ট ও সনদ।
উৎসবের জন্য বিভিন্ন বিভাগে জমা পড়েছিল গত পাঁচ বছরে নির্মিত ১৩৩টি ছবি। সেগুলোর ভেতর থেকে বাছাই করে ৩৫টি স্বল্পদৈর্ঘ্য ও ২৯টি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়। তা ছাড়া বিভিন্ন সময়ে নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্য থেকে থেকে ১১টি প্রামাণ্য ও ৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকি, বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, প্রামাণ্যচিত্র পর্ষদের সভাপতি আনোয়ার চৌধুরী, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন, শিল্পকলা একাডেমির সচিব, চলচ্চিত্র ও নাট্যকলা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবছর এ রকম একটি উৎসবের আয়োজন করা হবে।
সৈয়দ সালাউদ্দিন জাকি বলেন, ‘মুক্তিযুদ্ধের পর এ দেশের মানুষের চেতনা জাগ্রত করার দায়িত্ব নিয়েছিল মঞ্চ। তারপরেই সেই দায়িত্ব গিয়ে পড়ে চলচ্চিত্রের ওপর। চলচ্চিত্র নিয়ে যে স্বপ্ন আমরা দেখে এসেছি, এখনকার স্বপ্নবান তরুণেরা সে স্বপ্নগুলো পূরণের পথে আমাদের এগিয়ে নিচ্ছে।’
শুরুতেই প্রয়াত কবি সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবটি প্রয়াত এ লেখককে উৎসর্গ করার কথাও জানান বক্তারা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এ উৎসবে সহযোগিতা করছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ও বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ।