চৈত্রসংক্রান্তিতে 'দশের কথা দেশের গান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরের ধারার চৈত্রসংক্রান্তির এবারের ভাবনা ‘দশের কথা দেশের গান’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩ এপ্রিল সন্ধ্যা ছয়টায় শুরু হবে এই অনুষ্ঠান।
সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘বাংলা ১৪২০ সাল পুরোটাই দেশ নিয়ে সবাই খুব ভেবেছেন। দেশের নানা ঘটনা মানুষের মনকে নাড়া দিয়ে গেছে। তাই আমরা এবার চৈত্রসংক্রান্তির অনুষ্ঠানটি দেশ আর মাটির গান দিয়ে সাজিয়েছি।’
বন্যা আরও বলেন, ‘আমরা এখানে ব্রিটিশবিরোধী আন্দোলনের শুরুটা নিয়েছি হিন্দু মেলা থেকে। এরপর পর্যায়ক্রমে স্বদেশি আন্দোলন, আইপিটিএর তৎপরতা, বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রচিত গানগুলো রাখছি। আসলে আমরা দেশ ভাবনা ও স্বাধীনতার ভাবনার গানগুলো এবার করব। মানুষের মনে দেশাত্মবোধ জাগ্রত করার জন্যই আমরা এই ভাবনা বেছে নিয়েছি।’
এই অনুষ্ঠানে সুরের ধারার পাশাপাশি দেশের জনপ্রিয় শিল্পীরাও গান, কবিতা আবৃত্তি ও নাচ করবেন।
পরদিন ১৪ এপ্রিল একই স্থানে হবে সহস্র কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হবে ভোর ছয়টায়। বন্যা জানান, এই আয়োজনটি চ্যানেল আই ও সুরের ধারা যৌথভাবে করবে। এরই মধ্যে সারা দেশ থেকে সহস্রাধিক শিল্পী নাম নিবন্ধন করেছেন।
বন্যা জানান, দুটি অনুষ্ঠানই চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।