চৈত্র-বৈশাখের আয়োজন
চৈত্রের শেষ রাতে মুঠোফোনে বৈশাখের আগাম শুভেচ্ছা বার্তা পৌঁছে যায়। কিন্তু বৈশাখ শুরু হবে সূর্য ওঠার পর। এর পরই নতুন বছরকে বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা। ঢাকায় বর্ষবরণের এই অনুষ্ঠান শুরু হবে সকাল সোয়া ছয়টায় রমনার বটমূলে। দীর্ঘদিন ধরে এ আয়োজনটি করে আসছে ছায়ানট। গান গেয়ে পুরোনো বছরকে বিদায় দেওয়া ও নতুন বছরকে বরণ করে নেওয়ার এ আয়োজনে বিকেলেও থাকবে ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক আয়োজন।

শিল্পকলা প্রাঙ্গণে চৈত্র ও বৈশাখ
রমনার পাশেই বাংলাদেশ শিল্পকলা একাডেমী। সেখানে আজ বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকছে ঘুড়ি উৎসব। একই সময় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হবে শেষ দিনের আলপনা কর্মশালা। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামীকাল সকাল নয়টায় শিল্পকলায় শুরু হবে গান। রাত নয়টা পর্যন্ত চলবে বাউলগান, যাত্রাপালা, অ্যাক্রোবেটিক প্রদর্শনী, নাচ আর নাটকের দলের কোরিওগ্রাফি।
মুক্তিযুদ্ধ জাদুঘর
শিল্পকলা থেকে একটু এগোলেই মুক্তিযুদ্ধ জাদুঘর। সেখানেও আগামীকাল সকাল নয়টায় শুরু হবে শিশুদের নাচ-গান-আবৃত্তি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। এখানে গান করবেন বাউল জালাল দেওয়ান ও তাঁর দল।
শিশুপার্কের নারিকেলবীথি
শিশুপার্কের প্রবেশমুখের নারিকেলবীথিতে আগামীকাল সকাল সাড়ে সাতটায় শুরু হবে ঋষিজ শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান। দেশাত্মবোধক গান, গণসংগীত, ব্যান্ড, আধুনিক কিছুই বাদ যাবে না তাতে।

নাটক দেখতে নাটমণ্ডলে
আজ সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে থাকবে নাটক চম্পকনগরের উপকথা। আজ ও কাল ছাড়াও এই নাটক দেখানো হবে ২ ও ৩ বৈশাখে একই সময়ে একই স্থানে।
বনানীতে কনসার্ট
বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ও ২৭ নম্বর সড়কসংলগ্ন রাজউক মাঠে আগামীকাল বেলা আড়াইটায় শুরু হবে কনসার্ট। এতে গান করবেন মাইলস, ওয়ারফেজ, অর্থহীন, শফি মণ্ডল ও কোনাল।
রবীন্দ্রসরোবরে উড়বে ১ হাজার ফানুস
আজ রাত সাড়ে নয়টায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে শুরু হবে কনসার্ট। ভোর পর্যন্ত এই কনসার্টে গাইবে নগরবাউল, বাপ্পা ও তাঁর দল, অদিতি মহসিন, নেমেসিস, শফি মণ্ডল ও তাঁর দল। ভোরে এক হাজার ফানুস উড়িয়ে বৈশাখকে বরণ করা হবে। এ ছাড়া টিএসসি, কলাবাগান মাঠ, ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে নাচে-গানে বৈশাখকে বরণ করে নেওয়ার নানা আয়োজন থাকবে।
চট্টগ্রামের ডিসি হিলের উদ্যাপন
আজ বিকেল চারটায় শুরু হবে বর্ষবিদায়ের অনুষ্ঠান। এই অনুষ্ঠানমালায় থাকবে নাচ ও গান। আগামীকাল সকাল সাড়ে ছয়টায় বর্ষবরণের অনুষ্ঠানে একই জায়গায় থাকবে নাচ-গান-আবৃত্তির অনুষ্ঠান।