সবুজ ধানখেতের মাঝে সাপের মতো এঁকেবেঁকে চলে গেছে ছোট্ট একটি নদী। নদীর পানিতে প্রতিফলিত হচ্ছে শেষ বিকেলে ঢলে-পড়া সূর্যের সোনালি আভা। দেখে মনে হয়, তরল সোনার স্রোত। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা গ্যালারিতে ঝুলছে ছবিটি। একটুু এগিয়ে যেতেই দেখা মিলল বাংলার চিরন্তন সবুজ প্রকৃতি। মানুষের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত, দৃশ্য—নগরজীবনের দৃশ্য। আছে বিদেশের ছবিও। দেশ-বিদেশের চোখ-জুড়ানো এসব বৈচিত্র্যময় ছবি নিয়ে গতকাল রোববার থেকে এখানে শুরু হয়েছে আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী।নর্থ সাউথ ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা শাহরিয়ার ইকবাল এবং সভাপতি ওয়াজদা আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলোকচিত্র নিয়ে এ ধরনের প্রদর্শনী তরুণ আলোকচিত্রীদের সৃজনশীলতা প্রকাশের এক অসাধারণ সুযোগ। এটি বাংলাদেশের তরুণ আলোকচিত্রীদের আন্তর্জাতিক আলোকচিত্রীদের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ এনে দিয়েছে।নর্থ সাউথ ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব অষ্টমবারের মতো এ ধরনের প্রদর্শনীর আয়োজন করল। এবারের প্রদর্শনীতে সাতটি বিভাগে ৩৫০ আলোকচিত্রীর ৩০০০টি ছবি জমা পড়েছিল। তার মধ্যে ৪৫০টি ছবি বাছাই করা হয় প্রদর্শনীর জন্য। এর মধ্যে ৩৫টি ছবি বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছে। প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর, মিসর, আমেরিকা, ইংল্যান্ড, মেক্সিকো ও ফ্রান্সের আলোকচিত্রীদের ছবি আছে। চিত্রশালার পাশাপাশি একাডেমীর জাতীয় নাট্যশালা ও দৃক গ্যালারিতেও আলোকচিত্রগুলো প্রদর্শন করা হচ্ছে। সাদা-কালো ও রঙিন এসব ছবিতে দেখা গেছে শহরের লেকের পাশে সুউচ্চ ভবন। দেশে বিদেশের মানুষের মুখাবয়ব। পাহাড়ি গ্রামে কুঁড়েঘর, ভরদুপুরে নদীতে ঝাঁপিয়ে-পড়া দুরন্ত কিশোর। ধান কেটে কৃষকের ঘরে ফেরার দৃশ্যের পাশাপাশি রয়েছে বৃষ্টিভেজা মাঠে শত শত মানুষের ঈদের নামাজ পড়ার দৃশ্য।আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী চলবে।আজ ‘একাত্তরের কবিতা’ পাঠএকাত্তরের যাত্রীর উদ্যোগে আজ সোমবার সন্ধ্যায় আয়োজন করা হয়েছে ‘একাত্তরের কবিতা’ শীর্ষক কবিতা পাঠের অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে খ্যাতনামা ও নবীন কবিরা স্বরচিত কবিতা পাঠ করবেন। ‘একাত্তরের যাত্রী’ সূত্রে জানা গেছে, আজকের অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, মুহম্মদ নূরুল হুদা, মোহাম্মদ রফিক কবিতা পাঠ করবেন। রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। বিশ্বকাপ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কনফিফা বিশ্বকাপ ফুটবল ২০১০-এর প্রতিপাদ্য বিষয় নিয়ে আগামী ৯ জুলাই ব্রিটিশ কাউন্সিল এবং জার্নি কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলের রিসোর্স সেন্টারে। দুই পর্বে বিভক্ত এ অনুষ্ঠানের প্রথম অংশে থাকছে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। দ্বিতীয় অংশে থাকছে ফুটবলকে ঘিরে দেশবরেণ্য শিল্পীদের সংগীত পরিবেশনা এবং চলচ্চিত্র প্রদর্শনী। পাঁচ থেকে ১৩ বছরের শিশুদের তিনটি বিভাগে ভাগ করে প্রতি বিভাগের সেরা তিনজনকে পুরস্কার ও সনদ দেওয়া হবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে ০১৭৩০-৩১৭৩৫০, ৮৬১৮৯০৫ নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে অথবা সরাসরি ব্রিটিশ কাউন্সিল, ফুলার রোড, ঢাকায় যোগাযোগ করতে হবে।