চোখের দেখায় সাব্বিরের গান
আবারও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন ক্লোজআপ তারকাখ্যাত কণ্ঠশিল্পী সাব্বির। পি এ কাজলের ‘চোখের দেখা’ চলচ্চিত্রের একটি গানের দুই ভার্সনে কণ্ঠ দিয়েছেন তিনি। এ চলচ্চিত্রে সাব্বিরের গাওয়া গানের একটিতে সহশিল্পী আছেন পড়শী আর অন্যটিতে বাঁধন। কবির বকুলের লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।সাব্বির বলেন, ‘দ্বিতীয়বারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলাম। গানের কথাও খুব চমত্কার। চলচ্চিত্রে এ ধরনের কথা ও সুরের গান গাইতে পেরেও ভালো লেগেছে। আশা করছি, আমার এ গানটি অনেকেরই ভালো লাগবে।’ বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন সাব্বির। জানালেন, ‘এখন তো কনসার্টের মৌসুম। তাই মাসের বেশির ভাগ দিনই কোনো না কোনো অনুষ্ঠান থাকেই। তা ছাড়া নিয়মিতভাবে টেলিভিশন ও রেডিওতে উপস্থাপনার কাজটিও করছি।’ আহমেদ আজিম টিটো পরিচালিত ‘পায়রা’ চলচ্চিত্রের গানে প্রথম কণ্ঠ দেন সাব্বির। ছবিটির একটি গানের সংগীত পরিচালনাও করেন তিনি। গত বছরের ভালোবাসা দিবসে প্রকাশিত হয় সাব্বিরের দ্বিতীয় একক গানের অ্যালবাম ‘ভালোবাসা ব্যক্তিগত’।