চোখের ভাষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মহড়া হবে না। নির্দেশক ঢাকায় নেই, আর নাট্যকারও এসে পৌঁছাননি। মহড়াকক্ষের আবহাওয়াটাই আজ অন্যরকম। সবাই ঢিলেঢালা আড্ডার মেজাজে। মাঝেমধ্যে এ রকম অবস্থার সৃষ্টি হলে দু-তিনজন তরুণ সদস্যের বেশ মজা হয়। তখন তাঁরা মেতে ওঠেন মহড়াকালীন নানা ঘটনার পুনর্মঞ্চায়নে। আর এসব ক্ষেত্রে নির্দেশকই হয়ে ওঠেন প্রধান চরিত্র। তাঁকে নিয়ে চলে নানা আলোচনা, সমালোচনা আর ক্যারিকেচার। আজও তাই হচ্ছিল। একজন সদস্য দাঁড়িয়ে নির্দেশকের ভূমিকায় বলছিলেন, ‘এখনো মঞ্চে দাঁড়াতে শেখোনি, অথচ ভাব করো যেন সুপারস্টার হয়ে গেছো। দুই পায়ে সমান ভর দিয়ে দাঁড়াও।’ সঙ্গে সঙ্গে অন্য এক সদস্যের মন্তব্য, ‘কথা বলার সময় উনি এমনভাবে তাকান, যেন মনে হয় একটু ভুল হলেই গিলে খাবেন। তাঁর চোখের দিকে তাকানো যায় না।’এতক্ষণ সবকিছুই দরজার পাশে দাঁড়িয়ে লক্ষ করছিলেন নাট্যকার। কেউ তাঁর আগমন টের পাননি। এবার তিনি মুখ খুললেন, ‘এটাই হলো চোখের ভাষা।’ সবাই যাঁর যাঁর জায়গায় গিয়ে বসলেন। হাঁফ ছাড়লেন এই ভেবে যে ব্যাপারটা নির্দেশক দেখতে পাননি। নাট্যকার এবার কথা বলতে শুরু করলেন, ‘আমরা সবাই চোখ দিয়ে কথা বলি, শুধু বলি না, চোখ দিয়ে কথা শুনিও। আমরা যখন কারও সঙ্গে কথা বলি বা কারও কথা শুনি, তখন আমরা কোথায় তাকাই বলতে পারো?’প্রশ্নটা আকস্মিক হলেও উত্তর পেতে দেরি হয় না। সবাই সমস্বরে উত্তর দেয়—‘মুখের দিকে’। উত্তর শুনে খুশি হন নাট্যকার, ‘ঠিক বলেছ, তবে আমরা মুখের দিকে তাকালেও আমাদের দৃষ্টি নিবদ্ধ হয় বক্তার চোখে। চোখ যেন মনের জানালা। মনের সমস্ত ভাব, ভাষা ছবির মতো প্রতিফলিত হয় চোখে। রেগে গেলে চোখ দুটি বস্ফািরিত হয়ে যায়। মনোযোগ দিতে চেয়ে থাকে স্থির দৃষ্টিতে। বেদনায় মনে হয় আর আনন্দে ঝলমল করে ওঠে। যে চোখ পীড়া দেয়, দেহে জ্বালা ধরিয়ে দেয়, সেই চোখই আবার আনন্দে ভরিয়ে দেয়। চোখের ভাষাতেই অনেক কথা বলা যায়, যা অনেক সময় মুখের কথার চাইতেও বাঙময় আর শক্তিশালী।’এটুকু একনাগাড়ে বলে নাট্যকার একটু থামলেন, তারপর আবার বলতে শুরু করলেন, ‘শুধু কথা বলা নয়, চোখ কথাও শোনে। শ্রোতা তার চোখ দিয়ে বুঝিয়ে দিতে পারে যে সে বক্তার কথা শুনছে কি না। আবার বক্তাও বুঝতে পারে, শ্রোতা তার কথা কীভাবে গ্রহণ করছে। এ জন্যই নির্দেশকেরা বলে থাকেন, আই কন্টাক্ট করে সংলাপ বলো। কোনো শব্দ না করেও শুধু চোখে চোখেও কথা হতে পারে। চোখ পিটপিট করে কিংবা পলকহীন তাকিয়ে থেকেও নিঃশব্দে প্রয়োজনীয় বার্তাটি পৌঁছে দেওয়া যায়।‘চোখের সঙ্গে মুখের অভিব্যক্তি, হাত-পায়ের ব্যবহার কিংবা অন্য কোনো অঙ্গ সঞ্চালনের মাধ্যমেও কথা হতে পারে নিঃশব্দে। যখন কোনো ব্যক্তি কোনো প্রশ্নের জবাবে পায়ের দিকে তাকিয়ে থাকে আর পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খোঁটে, তখন সে ব্যক্তি কী বলছে তা শব্দ করে বলার অপেক্ষা রাখে না। আবার শ্রোতা বা বক্তার দিকে তাকিয়ে একটুখানি অবজ্ঞা বা প্রশ্রয়ের হাসি বলে দেয় শ্রোতার প্রতি বক্তার কিংবা বক্তার প্রতি শ্রোতার মনোভাব।’নাট্যকার একটু থামলেন। সবার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন, শ্রোতারা তাঁর কথা মনোযোগ দিয়ে শুনছে। নাট্যকার আবার বলতে শুরু করেন, ‘অবাচনিক যোগাযোগের ক্ষেত্রে চোখের ব্যবহারকে ভাগ করা হয়েছে দুটি ভাগে—একটি হলো দৃষ্টিসংযোগ (আই কন্টাক্ট) আর অন্যটি দৃষ্টি নিবদ্ধ (আই গ্যাজিং) করা। দৃষ্টিসংযোগের মাধ্যমে সাধারণত বক্তা বা শ্রোতার আগ্রহ, মনোযোগ ও অংশগ্রহণকে বোঝা যায়। কথা বলা কিংবা শোনার সময় একাগ্র দৃষ্টিতে তাকানো, তাকিয়ে থাকার সময়কাল, তাকিয়ে থাকার ধরন, চোখের পাতা ফেলা ও পিটপিট করার হার—এ সবই দৃষ্টি নিবদ্ধ করার অন্তর্ভুক্ত। দৃষ্টি নিবদ্ধ করা একটি গুরুত্বপূর্ণ অবাচনিক যোগাযোগ। যখন মানুষ কোনো পছন্দের ব্যক্তি বা বস্তুর মুখোমুখি হয়, তখন তার চোখের পাতা নড়ার হার বেড়ে যায়, চোখের মণি ভিজে যায়। কোনো ব্যক্তির প্রতি তাকিয়ে থাকা থেকে ওই ব্যক্তির প্রতি তার আবেগ, বিরক্তি, আগ্রহ ও মনোযোগ বোঝা যায়।’ নাট্যকার এবার থামলেন, ‘এবার একটু চা হোক। চোখের ভাষা নিয়ে আরও কথা আছে, আরেক দিন বলব।’