চোখের সামনে বেহুলা-লখিন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেহুলার লাচারি উৎসব। ছবি: প্রথম আলো
বেহুলার লাচারি উৎসব। ছবি: প্রথম আলো

ধরা যাক, চোখের সামনে নড়ে উঠল লখিন্দর। সাপ এসে তার শরীর থেকে তুলে নিল বিষ। সেই আনন্দে নেচে নেচে গান করতে শুরু করল বেহুলা। শ্রাবণসংক্রান্তির শেষ বিকেলে মিলবে এ দৃশ্যগুলো দেখার দুর্লভ সুযোগ। ‘মনসামঙ্গল’ কাব্যের চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠবে একেবারে চোখের সামনে।

শ্রাবণসংক্রান্তি বা শ্রাবণ মাসের শেষ দিন ভোরে টাঙ্গাইলের নদীতে ভাসবে অন্তত ৩০টি নৌকা। নৌকায় থাকবে মনসা দেবীর জন্য নৈবেদ্য। অন্য নৌকাগুলোতে থাকবে পুণ্যার্থী ও উৎসবে যোগ দেওয়া মানুষের দল। যে মনসা দেবীকে পূজা দিতে চাননি চাঁদ সওদাগর, শত বছর ধরে বাঙালি সেই মনসা দেবীকে পূজা দিয়ে যাচ্ছে। শত বছর ধরে বংশ পরম্পরায় এ রীতি পালন করে আসছেন সেখানকার স্থানীয় জনগণ। হিন্দু, মুসলমান সবাই। তাঁদের বিশ্বাস, এ সময় মা মনসার পূজা দিলে সারা বছর সাপ আর বিরক্ত করবে না তাঁদের।

ঘাটে ঘাটে মনসার পূজা দিচ্ছেন শিল্পীরা। ছবি: প্রথম আলো
ঘাটে ঘাটে মনসার পূজা দিচ্ছেন শিল্পীরা। ছবি: প্রথম আলো

এ উৎসবের নাম ‘শাওনে  ডালা’। আয়োজন করেন টাঙ্গাইলের ওঝারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁরা যা করেন, এর পুরোটাই নাচ-গান-নাটক। এ নাটক কোনো নির্দিষ্ট মঞ্চে নয়, বরং মঞ্চস্থ হয় একটি বিশাল এলাকাজুড়ে। সাত ঘাট ঘুরে ঘুরে পূজার নৈবেদ্য ছিটিয়ে আসেন তাঁরা। তারপর নদীর পাড়ে একটি বাড়ির উঠানে সাপে কাটা লখিন্দরের বিষ ঝাড়ানো হয়। টাঙ্গাইলের লোকগবেষক শফিউদ্দিন তালুকদার জানান, বংশ পরম্পরায় এ চর্চা চালিয়ে আসছে এখানকার লোকেরা। এটি যেহেতু বাংলার একটি ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হয়েছে, তাই তাঁরা এ ওঝাদের প্রশিক্ষণ দিয়ে একে একটি শিল্পরূপ দিয়েছেন।

ঢাকা থেকে টাঙ্গাইলের ঘাটাইলে দিনব্যাপী এ সাংস্কৃতিক ভ্রমণের আয়োজন করেছে সাংস্কৃতিক সংস্থা সাধনা। সাধনার শিল্পনির্দেশক লুবনা মারিয়াম বলেন, ‘এটা ওরা পালন করে রীতি হিসেবে। আমরা একে ঐতিহ্যবাহী উৎসব হিসেবে উপভোগ করি। আমরা চাই, বাঙালি তার ঐতিহ্য ও রীতিকে জানুক। সে জন্যই এ ভ্রমণের আয়োজন করা হয়েছে। এর আয়োজকদের সহযোগিতা করাও আমাদের দায়িত্ব।’

এ বছর উৎসবের নৌকা যাবে গোপালপুরের নলিন থেকে তারাকান্দা পর্যন্ত। সারা দিন এ নৌকায় ঘুরে ঘুরে দেখা যাবে বেহুলা-লখিন্দরবেশে ওঝাদের নাচ-গান-নাটক। উৎসবে যোগ দেওয়ার জন্য নিবন্ধন করতে হবে ০১৮৫১৮৬৯৩৫৭ এবং ০১৯৫৩৫৯৫৩৭৯ নম্বরে।