চোরাবালির অডিও অ্যালবাম
‘চোরাবালি’ ছবির অডিও অ্যালবাম প্রকাশিত হচ্ছে ২৫ জুন সোমবার। চোরাবালির চিত্রনাট্য ও পরিচালক রেদওয়ান রনি। আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় এ উপলক্ষে রাজধানীর সেভেন হিল রেস্টুরেন্টে এ অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরকতউল্লাহ বুলু, সংগীতব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, চলচ্চিত্র-ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী প্রমুখ।‘চোরাবালি’ ছবির গানের অ্যালবাম প্রকাশিত হচ্ছে লেজার ভিশনের ব্যানারে। এতে ছয়টি গান স্থান পেয়েছে। গানগুলো হলো ‘কেয়ারফুলি কেয়ারলেস’, ‘প্রেম’, ‘অপারগতা’, ‘চোরাবালি ঘিরে ধরে আমায়’, ‘মা’ ও ‘দে ভিজিয়ে দে’। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন যথাক্রমে আইয়ুব বাচ্চু, হূদয় খান, কণা, আরফিন রুমী, অনুপম রায়, ন্যান্সি ও মিলন মাহমুদ।মাছরাঙা প্রোডাকশনস লিমিটেড ও স্ক্রিন হাউস এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ প্রযোজনায় এ বছরই মুক্তি পাচ্ছে রেদওয়ান রনির প্রথম চলচ্চিত্র ‘চোরাবালি’। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান ও কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। অন্যান্য চরিত্রে রয়েছেন এ টি এম শামসুজ্জামান, সোহেল রানা, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের প্রমুখ।