চৌকিদার চরিত্রে আ খ ম হাসান
চৌকিদার চরিত্রে প্রথম অভিনয় করেছিলাম প্রায় দশ বছর আগে। নাটকটিতে চেয়ারম্যান হয়েছিলেন ডলি জহুর। অনেকদিন পর সালাউদ্দিন লাভলুর ঈদের ছয় পর্বের নাটকে আবার চৌকিদার চরিত্রে অভিনয় করছি। কথাগুলো বললেন অভিনেতা আ খ ম হাসান। আরটিভির জন্য নির্মিত ছয় পর্বের এই ধারাবাহিক নাটকের নাম ‘কথা দিলেন তো’। এটি লিখেছেন বৃন্দাবন দাস। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেক্রেটারি, মেম্বার ও জনগণের মধ্যে নানা ঘটনা নিয়ে নাটকের গল্প। এখানে চৌকিদারের ভাবখানা এমন দেখাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারের চেয়ে তাঁর ক্ষমতা অনেক বেশি। এদের ক্ষমতাকে অপব্যবহার করে চৌকিদার এলাকায় বিভিন্ন ধরণের ঘটনাও ঘটাতে থাকে। সচরাচর যেটা আমাদের সমাজের ইউনিয়ন পরিষদের চৌকিদারদের মধ্যে দেখা যায়।আ খ ম হাসান বলেন, ‘চরিত্রটিতে অভিনয়ের জন্য সাজ পোশাক থেকে শুরু করে হাঁটা-চলা সবকিছুতেই একজন ইউনিয়ন পরিষদের চৌকিদারকে অনুসরণ করা হয়েছে। চৌকিদার চরিত্রটিতে সত্যতা আনার জন্য যা কিছু করা প্রয়োজন সবকিছুই করা হচ্ছে।’‘কথা দিলেন তো’ নাটকে চেয়ারম্যানের ভূমিকায় অভিনয় করছেন মোশাররফ করিম, সেক্রেটারি চঞ্চল চৌধুরী প্রমুখ।