চৌরাসিয়ার চাওয়া

কিংবদন্তি বাঁশিবাদক পণ্ডিত হরি প্রসাদ চৌরাসিয়া সম্প্রতি বলেছেন, প্রত্যেক স্কুলেই সংগীত অবশ্যপাঠ্য বিষয় হওয়া উচিত। তিনি মনে করেন, এর ফলে স্কুল থেকে উঠে আসা নতুন প্রজন্মের সংগীত প্রতিভা এক সময় ধ্রুপদি সংগীতের প্রসারের ক্ষেত্রে অনেক বড় অবদান রাখবে।
পণ্ডিত হরি প্রসাদ চৌরাসিয়া জানিয়েছেন, পাশ্চাত্যের কোনো সংগীতানুষ্ঠানে অনেক সংগীতপ্রিয় দর্শক-শ্রোতাদের উপস্থিতি লক্ষ করা যায়। কিন্তু দেশীয় ধ্রুপদি সংগীতের আসরে শ্রোতা-দর্শকের উপস্থিতির সংখ্যা একেবারেই নগণ্য।
৭৭ বছর বয়সী ‘পদ্ম বিভূষণ’ খেতাব পাওয়া এই কিংবদন্তি বাঁশিশিল্পী সম্প্রতি ভারতের ফ্লুট ফাউন্ডেশন আয়োজিত এক সংগীত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সে অনুষ্ঠানে তাঁর বক্তব্যে তিনি এসব কথা জানান।
চৌরাসিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যদি স্কুলগুলোতে সংগীতকে অবশ্যপাঠ্য বিষয় করা হয়; তাহলে এর ইতিবাচক প্রভাব পড়বে তরুণ প্রজন্মের ওপর। তিনি জানান, এর ফলে সংগীতের প্রতি আগামী প্রজন্মের আগ্রহ বাড়বে। এবং বিষয়টির কারণে ভবিষ্যতে একদিকে যেমন নতুন প্রজন্মের শ্রোতার সংখ্যা বাড়াবে পাশাপাশি নতুন প্রজন্মের অনেক প্রতিভাবান শিল্পী সৃষ্টির পথও তৈরি হবে।
প্রসঙ্গত, আগামী ২৭ নভেম্বর থেকে বাংলাদেশে (ঢাকার আর্মি স্টেডিয়ামে) অনুষ্ঠিত হবে শাস্ত্রীয় সংগীতের উৎসব। এই নিয়ে ঢাকায় চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব বাংলাদেশ’। গত তিন বছর ধরে আয়োজিত ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব’ শিল্পী ও দর্শকের অংশগ্রহণের বিচারে এরই মধ্যে এই উপমহাদেশ তথা বিশ্বের সবচেয়ে বড় পরিসরের উচ্চাঙ্গসংগীত আসর হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এ বছর ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই শাস্ত্রীয় সংগীতের উৎসব। এবারের উৎসবটি বাংলাদেশের অন্যতম প্রধান চিত্রকর শিল্পী কাইয়ুম চৌধুরীর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও প্রথিতযশা শিল্পী শিবকুমার শর্মা, তেজেন্দ্রনারায়ণ মজুমদার ও ওস্তাদ রশিদ খান ছাড়াও এবারের অনুষ্ঠানে অংশ নেবেন কিংবদন্তি বাঁশিবাদক পণ্ডিত হরি প্রসাদ চৌরাসিয়া। পিটিআই। এনডিটিভি।