চ্যাডউইকের সেরা ৫

সদ্য প্রয়াত হলিউড অভিনেতা চ্যাডউইক বোজম্যান দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন ব্ল্যাক প্যান্থার ছবিতে অভিনয় করে। মার্ভেলের জনপ্রিয় সুপারহিরোর তকমার বাইরেও শিল্পী চ্যাডউইক অভিনীত কিছু চরিত্র তাঁকে স্মরণীয় করে রাখবে আগামী প্রজন্মের কাছে। তাঁর সেরা অনবদ্য কিছু চরিত্র নিয়ে এই প্রতিবেদন।

‘ব্ল্যাক প্যান্থার’ চ্যাডউইক বোজম্যান (২৯ নভেম্বর ১৯৭৬– ২৮ আগস্ট ২০২০)সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪২

বিশ্বের খ্যাতনামা বেজবল খেলোয়াড় জ্যাকি রবিনসনের জীবনী অবলম্বনে তৈরি ৪২ ছবিতে অভিনয় করে ক্যারিয়ারের শুরুর দিকেই ভীষণ প্রশংসিত হন চ্যাডউইক বোজম্যান। ২০১৩ সালে মুক্তি পাওয়া এ ছবি দেখে জ্যাকি রবিনসনের মেয়ে শ্যারন পর্যন্ত মুগ্ধ হয়ে দেখেন চ্যাডউইকের অভিনয়।

৪২ ছবির পোস্টারে চ্যাডউইক বোজম্যান
সংগৃহীত

গেট অন আপ

চ্যাডউইক অভিনীত আরও একটি জীবনীভিত্তিক ছবি গেট অন আপ। এই ছবিতে মার্ভেলের সুপারহিরো গানের জগতের কিংবদন্তি জেমস ব্রাউনের চরিত্রে অভিনয় করেন। মাঠের তারকা থেকে নিজেকে গানের মঞ্চে নিয়ে আসেন চ্যাডউইক। জেমসের মেয়েও পর্দায় চ্যাডউইকের অভিনয় দেখে বলেন, ‘আমার বাবার চরিত্রে নিষ্ঠার সঙ্গে অভিনয় করেছেন বোজম্যান। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।’ ছবিটি ২০১৪ সালে মুক্তি পায়।

গেট অন আপ ছবিতে জেমস ব্রাউনের চরিত্রে অভিনয় করেন চ্যাডউইক
সংগৃহীত

মার্শাল

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম আফ্রো-আমেরিকান বিচারপতি থারগুড মার্শালের চরিত্রে অভিনয় করেন চ্যাডউইক বোজম্যান। ছবির নাম মার্শাল। এতেও ঝুলিভরা প্রশংসা পান এ অভিনেতা। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ জাতিগোষ্ঠীর মধ্য থেকে নজির স্থাপনকারী ব্যক্তিদের জীবনকে পর্দায় তুলে ধরা হয়ে ওঠে চ্যাডউইকের বিশেষত্ব।

মার্শাল ছবিতে থারগুড মার্শালের চরিত্রে চ্যাডউইক বোজম্যান
সংগৃহীত

২১ ব্রিজেস

জীবনী আর অতিমানবীয় সিনেমা থেকে বেরিয়ে ২০১৯ সালে ২১ ব্রিজেস-এ অভিনয় করে আলোড়ন তোলেন চ্যাডউইক বোজম্যান। বাঘা বাঘা চলচ্চিত্র সমালোচকেরাও খুঁত ধরতে পারেননি চ্যাডউইকের অভিনয়ের। এই ছবিতে নিউইয়র্কের এক গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন তিনি।

‘২১ ব্রিজেস’ এর দৃশ্যে চ্যাডউইক
সংগৃহীত

দ্য ফাইভ ব্লাডস

অস্কারজয়ী নির্মাতা স্পাইক লির পরিচালনায় মৃত্যুর আগে শেষবারের মতো পর্দায় দেখা যায় চ্যাডউইক বোজম্যানকে। ছবির নাম দ্য ফাইভ ব্লাডস। জুনে মুক্তি পাওয়া এই ছবির প্রচারণার সময়ই চ্যাডউইকের রুগ্‌ণ স্বাস্থ্য দেখে দর্শকের মনে দুশ্চিন্তার উদয়। কিন্তু তখনো চ্যাডউইকের কোলন ক্যানসারের ব্যাপারে জানত না কেউ। ভক্তরা তখন ধারণাও করতে পারেনি মাত্র ৪৩ বছর বয়সেই শেষ হবে মেধাবী এই অভিনেতার জীবন।

স্পাইক লি পরিচালিত দ্য ফাইভ ব্লাডস–এ চ্যাডউইক
সংগৃহীত