চ্যানেল আই চত্বরে বিজয়মেলা
মহান বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আইয়ের আয়োজনে এবারও বিজয় মেলার আয়োজন করা হয়েছে। তেজগাঁওস্থ চ্যানেলটির নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত বিজয় মেলা নিয়ে অষ্টম আয়োজন।
চ্যানেল আই সুত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর সকাল এগারোটা ১০ মিনিটে চ্যানেল আইয়ের এই বিজয় মেলার উদ্বোধন করবেন যুদ্ধাহত ও খেতাবধারী বীরউত্তম, বীর প্রতিক ও বীর বিক্রম, চ্যানেল আই’র পরিচালনা পর্যদের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম সম্পাদক প্রমুখ। এবারের বিজয়মেলা’র পৃষ্ঠপোষকতা করছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। আর মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।
বিজয় মেলা প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে আমীরুল ইসলাম বলেন, লাল সবুজে বর্ণিল মঞ্চ, তোরণ ও ফেষ্টুনে সুসজ্জ্বিত থাকবে মেলা প্রাঙ্গন। থাকবে সাত বীরশ্রেষ্ঠর নামে সাতটি স্মারক স্তম্ভ এবং ১১ সেক্টরের স্বরণে ১১টি নির্দিষ্ট স্থান। মেলার স্টলে থাকবে মুক্তিযুদ্ধের নানা দলিল, মুক্তিযুদ্ধের গ্রন্থমালা, আলোকচিত্র, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, মুক্তিযোদ্ধাদের ডায়েরী প্রদর্শনী ছাড়াও থাকবে গ্রাম বাংলার ঐতিহ্যের আরো বেশ কিছু ষ্টল। মুক্তিযুদ্ধের চিত্রাংকন করবেন দেশের প্রবীণ ও নবীন চিত্রশিল্পীরা। ছোটদের চিত্রাংকন এটি পর্বও থাকবে। মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণ ছাড়াও মেলায় সংগীত পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধারা, দেশ বরেণ্য সংগীত শিল্পীবৃন্দ, চ্যানেল আই সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। এছাড়াও নৃত্য পরিবেশন করবেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা।