চ্যানেল আই নজরুল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও চ্যানেল আইয়ের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে নজরুল মেলা। আগামী শুক্রবার কবির ১১৩তম জন্মবার্ষিকীতে বেলা ১১টায় পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী-সাহিত্যিক, পত্রিকার সম্পাদকবৃন্দ, নজরুল বিশেষজ্ঞ ও নজরুলসংগীতশিল্পীরা এবং চ্যানেল আইয়ের পরিচালকেরা।বিদ্রোহী কবির জন্মজয়ন্তীর এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘বিদ্রোহী কবিতা রচনার ৯০তম বর্ষপূর্তি পালন’। চ্যানেল আইয়ের আয়োজনে অষ্টম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেলা।এবার মেলায় আজীবন সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। অতীতে এ সম্মাননা পেয়েছেন সংগীতগুরু সোহরাব হোসেন, সুধীন দাশ, সংগীতজ্ঞ ফিরোজা বেগম ও নজরুলগবেষক অধ্যাপক রফিকুল ইসলাম। এ উপলক্ষে ২৩ মে চ্যানেল আই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম ও শিল্পী ফেরদৌস আরা।সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ক্ষুদ্র ও কুটিরশিল্পের স্টল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টলে দিনব্যাপী প্রদর্শিত হবে নজরুলগ্রন্থ, নজরুলকে নিয়ে লিখিত গ্রন্থ, চিত্রকলা এবং নজরুলসংগীতের রেকর্ডের প্রচ্ছদের প্রদর্শনী, নজরুলসংক্রান্ত ভিডিও সিডি, চলচ্চিত্র প্রদর্শনী ইত্যাদি। মেলায় আগত অতিথিদের আপ্যায়ন করা হবে কেকা ফেরদৌসীর রান্নাঘর থেকে নজরুলের প্রিয় খাবার ও পান-সুপারি দিয়ে।মেলার খোলা মঞ্চ থেকে পরিবেশিত হবে নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় নজরুলসংগীত, নৃত্যনাট্য, শিশুনৃত্য ইত্যাদি। মেলা চলবে বিকেল চারটা পর্যন্ত। অনুষ্ঠান চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।