চ্যানেল আই সেরাকণ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেলিকপ্টার থেকে নেমে এলেন কুমার বিশ্বজিত্, সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী—‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার প্রধান বিচারক। স্থান রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠ। এবার এখানেই তৈরি হয়েছে অনুষ্ঠানের সেট। গতকাল সোমবার সন্ধ্যায় এ প্রতিযোগিতার মিউজিক্যাল রাউন্ডে বিচারকদের মুখোমুখি হন প্রতিযোগীরা। তার আগে বেলা তিনটা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে এই তিন বিচারককে নিয়ে আসা হয় অনুষ্ঠানস্থলে। দেশের সাতটি বিভাগ থেকে প্রায় ৬৫ হাজার প্রতিযোগী অংশ নেন প্রাথমিক বাছাইয়ে। তাঁদের মধ্য থেকে ১২৫ জন ‘রোড টু ঢাকা’র কার্ড পান। এরপর মিউজিক্যাল রাউন্ডে সুযোগ পেয়েছেন ৫৫ জন। চ্যানেল আইয়ে আগামী বৃহস্পতিবার থেকে প্রচারিত হবে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মূল পর্ব। প্রতিযোগিতাটি পরিচালনা করছেন ইজাজ খান। অনুষ্ঠান উপস্থাপনা করছেন কোনাল।