চ্যানেল আইতে কৃষি সংবাদ
চ্যানেল আইতে আজ থেকে শুরু হচ্ছে কৃষিভিত্তিক সংবাদ নিয়ে নতুন অনুষ্ঠান কৃষি সংবাদ। প্রতিদিন বিকেল পাঁচটা ২০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই ভবনের ছাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এসিআই এগ্রিবিজনেসের নির্বাহী পরিচালক এফ এইচ আনসারী প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারই প্রথম বাংলাদেশের টিভিতে নিয়মিত পূর্ণাঙ্গ কৃষি সংবাদ প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।ফরিদুর রেজা সাগর বলেন, ‘দেশাত্মবোধের জায়গা থেকেই চ্যানেল আই অপরিহার্যভাবে কৃষি ও গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের দিকে মনোযোগী। আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যানেল আই জনগণের আরও কাছাকছি যেতে পারবে।’শাইখ সিরাজ বলেন, ‘জলবায়ুর বিরূপ পরিবর্তন আগামী দিনে কৃষিকে অনেক বেশি বিপর্যস্ত করবে। এ পরিস্থিতিতে সরকার ও নীতিনির্ধারক থেকে শুরু করে সমাজের সব শ্রেণী-পেশার মানুষের কৃষি ও গ্রামীণ জীবনব্যবস্থার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। এ বিষয়গুলো উপলব্ধি করেই প্রতিদিনের কৃষি সংবাদ প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।’