চ্যানেল আইতে রবীন্দ্র চলচ্চিত্র উত্সব
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছে। চলচ্চিত্রগুলো যেমন আলোচিত হয়েছে ঠিক তেমনি প্রশংসিতও হয়েছে। এবার চ্যানেল আইতে প্রদর্শিত হতে যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে বেশ কয়েকটি চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো প্রচার হবে মে মাসের প্রতি শনিবার বেলা একটা পাঁচ মিনিটে। এরই ধারাবাহিকতায় মে মাসের প্রথম শনিবার প্রচার হবে চলচ্চিত্র ‘শাস্তি’। রবীন্দ্রনাথের ‘শাস্তি’ গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও সংলাপ করেছেন মমতাজ উদদীন আহমদ। পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, ইলিয়াস কাঞ্চন, চম্পা, শহিদুল আলম সাচ্চু, আহমেদ শরীফ, এ টি এম শামসুজ্জামান প্রমুখ।দ্বিতীয় শনিবার প্রচার হবে রবীন্দ্রনাথের ‘সমাপ্তি’ গল্প নিয়ে চলচ্চিত্র ‘অবুঝ বউ’। ছবিটি পরিচালনা করেছেন নার্গিস আক্তার। অভিনয়শিল্পীরা হলেন ববিতা, ফেরদৌস, শাকিল খান, নিপুণ, প্রিয়াংকা, ওয়াহিদা মল্লিক জলি, অমল বোস প্রমুখ।চতুর্থ শনিবার প্রচার হবে প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত চলচ্চিত্র ‘কাবুলিওয়ালা’। রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী হায়াত্। এ ছবিতে আরও অভিনয়ে রয়েছেন সুব্রত, দোয়েল, জ্যাকি আলমগীর, মোমেনা, দুলারী, হাসান, ব্ল্যাক আনোয়ার, দীঘি প্রমুখ।