চ্যানেল আইয়ে আজ ছয় সংগীত তারকার আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০’-এর নেপথ্য ঘটনা নিয়ে নির্মিত ‘পর্দার পেছনের গল্প’ চ্যানেল আইয়ে আজ মঙ্গলবার রাত নয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে। আজকের পর্বে আড্ডা দেবেন সংগীত জগতের ছয় তারকাশিল্পী। তাঁরা হলেন—ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, বালাম, হূদয় খান, শফিক তুহিন ও পড়শী—যাঁরা মেরিল-প্রথম আলো তারকা জরিপে সেরা গায়ক-গায়িকা হিসেবে মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া আরও মনোনয়ন পেয়েছেন বেবী নাজনীন, কণা, ন্যান্সি ও হাবিব ওয়াহিদ। ব্যস্ততার কারণে অন্যরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। ‘পর্দার পেছনের গল্প’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে যথারীতি ছিলেন নোবেল। উপস্থাপক নোবেলের সঙ্গে জমজমাট আড্ডার মধ্য দিয়ে উঠে আসে এই শিল্পীদের নানা অজানা কথা, যা এর আগে কেউ শোনেননি। আর এ ধরনের আড্ডায় অংশ নিয়ে শিল্পীরা সবাই নানা ধরনের মজায় মেতে ওঠেন।এ অনুষ্ঠানেই ফাহমিদা নবী নতুন একটি দেশের গানের সুর করেন। আর গানটিতে কণ্ঠ দেন ফাহমিদা নবীসহ বাকি পাঁচ শিল্পী ও নোবেল। শিল্পীরা জানান, এমন ঘটনা নাকি আগে কখনো হয়নি।গান, গল্প আর আড্ডার মধ্য দিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান। একই গীতিকবিতায় তিন রকম সুর করেন বাপ্পা মজুমদার, বালাম আর শফিক তুহিন। ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০’-এর নেপথ্য ঘটনা নিয়ে নির্মিত ‘পর্দার পেছনের গল্প’ অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন কবির বকুল, পরিচালনা করেছেন গাজী শুভ্র।