চ্যানেল আইয়ে পারিবারিক গেম শো
সেরাদের মহাযুদ্ধ অনুষ্ঠানটি শেষ হতে না-হতেই চ্যানেল আইয়ে শুরু হতে যাচ্ছে নতুন একটি রিয়ালিটি শো। পরিবারভিত্তিক এই গেম শোর নামও ঠিক হয়ে গেছে। ‘সাজাবে ঘর? খেলায় তোলো ঝড়’ নামের এই রিয়ালিটি শোতে অংশ নিয়ে যেকোনো পরিবার জিতে নিতে পারবে ঘর সাজানোর নানা ধরনের উপকরণ। এ পুরস্কারের মধ্যে থাকবে রান্নাঘরের হাঁড়ি-কড়ি থেকে শুরু করে ফ্ল্যাটবাড়ি পর্যন্ত। অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ফারজানা ব্রাউনিয়া। অনুষ্ঠানটির উপস্থাপনায়ও থাকবেন তিনি।ব্রাউনিয়া বলেন, ‘এটি মূলত একটি পারিবারিক গেম শো। নিটোল-নিখাদ বিনোদনের মাধ্যমে এই রিয়ালিটি শোতে অংশ নিয়ে প্রতিটি পরিবার জিতে নিতে পারবেন আকর্ষণীয় সব পুরস্কার। তিনি আরও বলেন, এ অনুষ্ঠানটি ৩০ পর্বে নির্মিত হবে। প্রতিটি পর্বে চারটি করে পরিবার অংশ নেবে। সহযোগিতার জন্য প্রতিটি দলে থাকবে আরো একজন করে।জানা গেছে, ৮ আগস্ট থেকে এর শুটিং শুরু হবে। শুটিং শেষে আগামী সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে অনুষ্ঠানটি শুরু হবে চ্যানেল আইয়ে। খুব শিগগিরই এ অনুষ্ঠান নিয়ে একটি আকর্ষণীয় বিজ্ঞাপনচিত্র দেখা যাবে চ্যানেল আইয়ে।