চ্যানেল আইয়ে বিশ্বকাপ ক্রিকেটের গান
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা জোগাতে চ্যানেল আই একটি গান তৈরি করেছে। আরফিন রুমীর সুর ও সংগীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন দুরবিন ব্যান্ডের সদস্যরা। গানটি লিখেছেন রবিউল ইসলাম। ‘জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ/ স্বপ্ন নিয়ে বিশ্বজয়ের, যাও তুমি এগিয়ে যাও’ কথার এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন হিমেল আশরাফ।এই মিউজিক ভিডিওতে মডেল হচ্ছেন দেশের গুণী ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, জুয়েল আইচ, মুহম্মদ জাফর ইকবাল, আনিসুল হক ও হাবিবুল বাশার।চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘বিশ্বকাপ আয়োজন একটা দেশের জন্য অনেক সৌভাগ্যের ও মর্যাদার বিষয়। তাই এবারের বিশ্বকাপকে আরও বেশি স্মরণীয় করে তোলার জন্য আমাদের এই আয়োজন। এই মিউজিক ভিডিওতে এমন কজন দেশবরেণ্য ব্যক্তি অংশ নিয়েছেন, যাঁদের একজন ছাড়া অন্যরা সাধারণত ক্রিকেট খেলেন না। কিন্তু ক্রিকেটকে অনেক ভালোবাসেন। তাঁদের অংশগ্রহণে গানটি বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ জোগাবে বলে মনে করছি।’মিউজিক ভিডিওটির পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘গানটিতে দেশবরেণ্য ব্যক্তিরা মডেল হতে রাজি হওয়ায় তাঁদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। আশা করছি, উদ্দীপনামূলক এ গানটির ভিডিও সবার কাছে ভালো লাগবে।’গতকাল রোববার থেকে ঢাকার রবীন্দ্রসরোবরে গানটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। এ ছাড়া কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ণের কাজ হবে।জানা গেছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে গানটি চ্যানেল আইয়ে নিয়মিত দেখানো হবে।