চ্যানেল আইয়ের চলচ্চিত্র মেলা
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশমান ধারাকে দেশ-বিদেশের বাঙালির কাছে তুলে ধরা এবং বাংলাদেশের চলচ্চিত্রের ৫৫ বছর পদার্পণ উপলক্ষে (প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পেয়েছিল ৩ আগস্ট ১৯৫৬ সালে) চ্যানেল আই এবার তৃতীয়বারের মতো সারা দিনব্যাপী জাঁকজমকপূর্ণ চলচ্চিত্র মেলার আয়োজন করতে যাচ্ছে। ১৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র মেলা। এবারের মেলার নামকরণ করা হয়েছে ‘কিউট-চ্যানেল আই চলচ্চিত্র মেলা’। নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রের সুবিখ্যাত আলেয়া চরিত্রসহ ঢাকার ছয় শতাধিক চলচ্চিত্রে জীবনঘনিষ্ঠ চরিত্রে অভিনয়ের জন্য এবার অভিনেত্রী আনোয়ারাকে আজীবন সম্মাননা দেওয়া হবে। সম্মাননার সঙ্গে শিল্পীকে এককালীন দেওয়া হবে এক লাখ টাকা। বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমাদের চলচ্চিত্রে বিশাল অবদানের জন্য অভিনেতা উজ্জল, ফারুক, সোহেল রানা, আলমগীর এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা ১১ জন-এর জন্য নির্মাতা চাষী নজরুল ইসলাম, চলচ্চিত্র গানে অসামান্য অবদানের জন্য ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।গতকাল চ্যানেল আইয়ের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কিউটের চেয়ারম্যান কাজী মাহতাব উদ্দিন আহমেদ, চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা ও মেলার প্রকল্প পরিচালক আবদুর রহমান।সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও চিত্রনায়িকা মুক্তি। মেলায় অংশ নেবেন বাংলাদেশের চলচ্চিত্রের সর্বস্তরের কলাকুশলী, তারকা, চলচ্চিত্রব্যক্তিত্ব, সংগীত তারকাসহ বিনোদন জগতের তারকারা। মেলায় থাকবে পাঁচ দশকের চলচ্চিত্রের ঘটনাবহুল প্রামাণ্যচিত্র, প্রদর্শনী, সাড়া জাগানো নাচ, গান, অভিনয় এবং রকমারি উপকরণসমৃদ্ধ ১৬টি স্টল। এ ছাড়া প্রয়াত শিল্পী-কুশলীদের স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজনসহ অনেক কিছুই থাকবে এই মেলায়। চ্যানেল আই চলচ্চিত্র মেলাটি ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১ থেকে সরাসরি সম্প্রচার করবে।